মাত্র আড়াই মাসের ব্যবধানে দেশে হামের সংক্রমণে প্রাণ গেল প্রায় ৬০০ শিশুর। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও এর উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এতে করে চলতি বছর হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫৯৪।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে শিশুমৃত্যুর ঘটনাগুলো ঘটে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৫০৪ শিশু। আর নিশ্চিত হামে মৃত্যু ৯০ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৫৯৪।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ২৯২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৭৩ হাজার ৩৬২। এছাড়া, সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ৪২। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৯ হাজার ১৩৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা না গেলেও হামের উপসর্গে ছয় শিশু মারা গেছে। তাদের মধ্যে চার শিশু ঢাকা বিভাগের এবং রাজশাহী ও সিলেট বিভাগের একজন করে।
ঈদের পরে এমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে আগেই আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। তারা বলছেন, ঈদের সময় দেশের বিভিন্ন প্রান্তের মানুষ প্রিয়জনের সঙ্গে ঈদ করতে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়েছে। বিশেষ করে ঢাকা থেকে একটা বিশাল পরিমাণ জনসংখ্যা দেশের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করেছে। তাদের মধ্যে যারা হামে আক্রান্ত বা হামের উপসর্গে আক্রান্ত ছিল, তাদের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় সংক্রমণের শঙ্কা দেখা দিয়েছে। তাই আগামী কয়েক দিন জ¦র হলেই সতর্ক থাকার পরামর্শ দিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেনিন চৌধুরী রূপালী বাংলাদেশকে বলেন, ‘আমরা বারবার বলেছি, কারো যদি জ¦র থাকে, বিশেষ করে শিশুদের নিয়ে ভ্রমণ না করার জন্য। গত ২৪ ঘণ্টা যে ছয় শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে, তারা কিন্তু ঢাকার বাইরের। এটি একটি সংকেত আমাদের জন্য। ঈদ ভ্রমণের কারণে এমনটি আমরা আশঙ্কা করেছিলাম। দেশের বিভিন্ন প্রান্তে আক্রান্ত বেড়ে যাবে। তাই এই সময়টায় কোনো শিশু এমনকি বড়দেরও যদি জ¦র ওঠে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রয়োজনে তাকে আইসোলেশনে রাখতে হবে। নইলে হাম সংক্রমণের বিস্ফোরণ ঘটার আশঙ্কা রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন