ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

পঞ্চদশ সংশোধনীর আজ রায় কতটুকু টিকবে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৬:২৩ এএম

আওয়ামী লীগ আমলে সংবিধানে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছিল, যে সংশোধনীর মাধ্যমে সেই পঞ্চদশ সংশোধনী পুরোপরি বাতিল হবে কি না, সে বিষয়ে আজ বৃহস্পতিবার সিদ্ধান্ত দেবেন সর্বোচ্চ আদালত। এ মামলার আপিল শুনানিতে চার পক্ষের যুক্তি শোনার পর গতকাল বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রায়ের এই দিন ঠিক করে দেন।

পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ২০১১ সালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করার পাশাপাশি সংবিধানের ৫৪টি ক্ষেত্রে সংযোজন, পরিমার্জন ও প্রতিস্থাপন করা হয়েছিল।

আওয়ামী লীগ সরকারের পতনের পর সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ কয়েকজনের করা একটি রিট আবেদনের নিষ্পত্তি করে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ বাতিল ঘোষণা করেন হাইকোর্ট। ওই রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরার পথ তৈরি হয়। কিন্তু তাতে সন্তুষ্ট না হয়ে পুরো পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন রিট মামলার বাদীপক্ষ।

পাশাপাশি জামায়াতে ইসলামী, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এবং মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন এ মামলায় পক্ষভুক্ত হয়ে আলাদাভাবে আপিল করেন। গত সোমবার প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বেঞ্চে এ মামলার শুনানি শুরু হয়। তিন দিনের শুনানিতে পক্ষগুলো তাদের মতামত তুলে ধরে।

আপিলে পুরো পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবি জানালেও শুনানিতে সে অবস্থান থেকে কিছুটা সরে আসেন রিটকারীপক্ষের আইনজীবী শরীফ ভূইয়া। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এবং সংবিধানের ১০২ অনুচ্ছেদের সংশোধনীকে আইনি সুরক্ষায় রেখে সংশোধনীর বাকি অংশ অসাংবিধানিক ঘোষণার আর্জি জানান তিনি।

অন্যদিকে জামায়াতে ইসলামীর আইনজীবী শিশির মনির সংবিধানের পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল না করে যেসব অংশ মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক, শুধু সেগুলো বাতিল করে বাকি নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ভার সংসদের ওপর ছেড়ে দেওয়ার আর্জি জানান। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ এ মামলার শুনানিতে অংশ নেন।