গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন সমীকরণ। রাষ্ট্রপতির এই পদত্যাগ এবং সংবিধান অনুযায়ী ও সরকারের পক্ষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের (বীরবিক্রম) রাষ্ট্রপতির রুটিন দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে দেশের প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো হয়েছে।
দলটির নীতিনির্ধারক মহল মনে করছে, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় এটি একটি অনিবার্য প্রক্রিয়া ছিল। একই সঙ্গে নতুন রাষ্ট্রপতি নির্বাচন এবং সামগ্রিক রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের চিন্তাভাবনা ও বিএনপির অবস্থান নিয়ে শুরু হয় নানা গুঞ্জন।
বিএনপির তাৎক্ষণিক প্রতিক্রিয়া : রাষ্ট্রপতির পদত্যাগের খবর প্রকাশ পাওয়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বিএনপি জানিয়েছে, তারা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। দলটির হাইকমান্ড মনে করে, সাংবিধানিক শূন্যতা এড়াতে সংবিধানের বিধান অনুযায়ী সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করা জরুরি।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, মহামান্য রাষ্ট্রপতি দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং তার স্বাস্থ্যগত অবনতির বিষয়টি জনসমক্ষেও এসেছিল। চিকিৎসাজনিত কারণে তিনি যদি রাষ্ট্রের সর্বোচ্চ পদের দায়িত্ব পালনে অপারগ হন, তবে পদত্যাগ করাটাই যৌক্তিক সিদ্ধান্ত।
বিএনপি কোনো ধরনের সাংবিধানিক সংকট বা রাজনৈতিক অস্থিরতা দেখতে চায় না : তবে বিএনপি কোনো ধরনের সাংবিধানিক সংকট বা রাজনৈতিক অস্থিরতা দেখতে চায় না। দলটির নীতিনির্ধারকদের মতে, সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগ এবং ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারের দায়িত্ব গ্রহণ সম্পূর্ণ সাংবিধানিক কাঠামোর মাধ্যমেই সম্পন্ন হয়।
রাষ্ট্রপতির পদত্যাগ এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে বিএনপির আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাহেব গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে আমরা জেনেছি। এটি তার ব্যক্তিগত ও শারীরিক বিষয়। তবে রাষ্ট্রপতির মতো একটি সাংবিধানিক পদে যেন কোনো ধরনের শূন্যতা বা অস্থিতিশীলতা তৈরি না হয়, সে বিষয়ে আমাদের সংবিধানের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। বর্তমান পরিস্থিতিতে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার মহোদয় রুটিন দায়িত্ব পালন করবেন। আমরা আশা করি, বর্তমান ও বিগত অন্তর্বর্তীকালীন সরকার এবং সংশ্লিষ্টরা সাংবিধানিক প্রক্রিয়া মেনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের দ্রুত এবং সময়োপযোগী এই পদক্ষেপ গ্রহণ করবেন। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে যেকোনো সংকটে গণতান্ত্রিক ধারা ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করাই আমাদের মূল অগ্রাধিকার।’
সরকারের ভেতরের সূত্রগুলো জানিয়েছে, সাংবিধানিক বাধ্যবাধকতা এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে খুব দ্রুতই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের রূপরেখা নিয়ে আলোচনা শুরু হচ্ছে।
এ বিষয়ে বিএনপির দৃষ্টিভঙ্গি বেশ স্পষ্ট। দলটি মনে করে, নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের তাড়াহুড়ো বা অস্বচ্ছ প্রক্রিয়া কাম্য ছিল না। বিএনপি চায় এমন একজন ব্যক্তিত্বকে এই পদে আনা হোক, যিনি হবেন বিতর্কের ঊর্ধ্বে, নিরপেক্ষ এবং সংবিধানের প্রতি পুরোপুরি শ্রদ্ধাশীল এবং সেটাই হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি শুধু একটি রুটিন কাজ নয়, বরং এর সঙ্গে জাতীয় ঐকমত্যের প্রশ্নটিও জড়িত।
সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখা : রাষ্ট্রপতির পদত্যাগের পর সংবিধানে উল্লিখিত নিয়ম অনুযায়ী (৫৪ অনুচ্ছেদ) স্পিকারের রুটিন দায়িত্ব গ্রহণকে সাধুবাদ জানিয়েছে বিএনপি, যাতে কোনো সাংবিধানিক শূন্যতা তৈরি না হয়।
স্বাস্থ্যগত বিষয়কে মানবীয় দৃষ্টিকোণ থেকে দেখা : মহামান্য রাষ্ট্রপতির দীর্ঘমেয়াদি অসুস্থতা এবং বাইপাস সার্জারি ও অন্যান্য জটিলাতার বিষয়টিকে মানবিক ও চিকিৎসাজনিত বাস্তবতা হিসেবে দেখছে দলটি।
দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন রাষ্ট্রপতি নির্বাচন : সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু এবং সবার কাছে গ্রহণযোগ্য প্রক্রিয়ায় নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার দাবি জানিয়েছে বিএনপি।
জাতীয় ঐকমত্য ও নিরপেক্ষতা : নতুন রাষ্ট্রপতির ক্ষেত্রে যেন কোনো রাজনৈতিক বিতর্ক না থাকে এবং দেশের এই সংকটময় ও উত্তরণের সময়ে যিনি অভিভাবকের ভূমিকা পালন করতে পারেন, এমন নিরপেক্ষ ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায় দলটি।
গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা : রাষ্ট্রপতির পদত্যাগকে কেন্দ্র করে যেন কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সুযোগ না পায়, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারকে সজাগ থাকার আহ্বান জানিয়েছে বিএনপি।
ভবিষ্যৎ রাজনৈতিক গতিপ্রকৃতি : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তার আকস্মিক পদত্যাগে দেশের রাজনৈতিক অঙ্গনে সাময়িকভাবে নতুন আলোচনার জন্ম দিলেও সাংবিধানিক প্রক্রিয়া চলমান থাকায় বড় কোনো ধাক্কা এড়ানো গেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এই বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সরকার ও বিএনপির হাইকমান্ড যেটা ভালো মনে করেছেন বা যাকে রাষ্ট্রপতি করা হবে বা হয়েছে, সেটাই সঠিক সিদ্ধান্ত। এর বাইরে কিছু চিন্তা বা বলার নেই।’
উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীরবিক্রম, এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। তারা রাষ্ট্রপতির সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।
গতকাল শুক্রবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র প্রেরণ করেন।
পরবর্তীতে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীরবিক্রম, এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন