× UCB Sticker Card
রবিবার, ০৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মিনহাজুর রহমান নয়ন

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৭:২৬ এএম

দুই ভিন্ন যাত্রার গল্প এক স্বপ্নের লড়াই

মিনহাজুর রহমান নয়ন

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৭:২৬ এএম

দুই ভিন্ন যাত্রার গল্প  এক স্বপ্নের লড়াই

এই বিশ্বকাপের শুরু থেকেই ব্রাজিল ও নরওয়ে দুটি ভিন্ন বাস্তবতার প্রতিনিধিত্ব করছে। একদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, যাদের লক্ষ্য দীর্ঘ ২৪ বছরের শিরোপা খরা কাটিয়ে ষষ্ঠ বিশ্বকাপ জেতা। অন্যদিকে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে ফিরে আসা নরওয়ে, যারা এবার নিজেদের স্বর্ণপ্রজন্মের সামর্থ্য বিশ্বমঞ্চে প্রমাণ করছে। শেষ ষোলোতে এই দুই দলের মুখোমুখি হওয়া তাই শুধু একটি ম্যাচ নয়; এটি দুই ভিন্ন ফুটবল দর্শন ও দুই ভিন্ন অভিযাত্রার মিলন।

গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের শুরুটা খুব একটা দাপুটে ছিল না। উদ্বোধনী ম্যাচে শক্তিশালী মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে কার্লো আনচেলত্তির দল। তবে সেই ম্যাচেই বল দখল, আক্রমণ এবং সুযোগ তৈরির দিক থেকে ব্রাজিল ছিল এগিয়ে। এরপরই বদলে যায় দৃশ্যপট।

দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ এবং শেষ ম্যাচে স্কটল্যান্ডকেও ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় সেলেসাওরা। তিন ম্যাচে ৭ গোল করে মাত্র ১ গোল হজম করে তারা। 

অন্যদিকে নরওয়ের বিশ্বকাপ যাত্রা ছিল প্রত্যাবর্তনের গল্প। ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপে খেলতে নেমেই তারা দেখিয়েছে, ইউরোপের অন্যতম সম্ভাবনাময় দল হিসেবে তাদের আর অবহেলা করার সুযোগ নেই। গ্রুপ ‘আই’-এ প্রথম ম্যাচে ইরাককে ৪-১ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করে স্টালে সোলবাকেনের দল। দ্বিতীয় ম্যাচে সেনেগালের বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় নিশ্চিত করে আগেভাগেই নকআউটের পথ তৈরি করে। যদিও শেষ ম্যাচে গ্রুপসেরা ফ্রান্সের কাছে ৪-১ গোলে হেরে যায়, তবুও দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হিসেবে পরের পর্বে উঠে আসে নরওয়ে।

এই বিশ্বকাপে ব্রাজিল চার ম্যাচে তিন জয় ও এক ড্র করে অপরাজিত রয়েছে। তারা করেছে ৯ গোল, হজম করেছে মাত্র ২টি। বল দখল, পাসিং এবং আক্রমণভাগের কার্যকারিতায় টুর্নামেন্টের অন্যতম সেরা দল তারা।

অন্যদিকে নরওয়ে চার ম্যাচে তিন জয় ও এক হার নিয়ে শেষ ষোলোতে উঠেছে। তারা করেছে ১০ গোল এবং হজম করেছে ৮টি। আক্রমণে নরওয়ে ভয়ংকর হলেও রক্ষণে কিছু দুর্বলতা দেখা গেছে, যা ব্রাজিল কাজে লাগাতে চাইবে। ব্রাজিল–নরওয়ে ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ শুধু দুই দলের লড়াই নয়, বরং দুই ভিন্ন প্রজন্মের দুই বিশ্বতারকাÍনেইমার ও আর্লিং হালান্ডের দ্বৈরথ। একজন ব্রাজিলিয়ান ফুটবলের শিল্প আর সৃজনশীলতার প্রতীক, অন্যজন আধুনিক ফুটবলের সবচেয়ে ভয়ংকর গোলশিকারি। বিশ্বকাপের নকআউট মঞ্চে তাদের উপস্থিতি ম্যাচটিকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। ৩৪ বছর বয়সী নেইমারের জন্য ২০২৬ বিশ্বকাপ হতে পারে জাতীয় দলের জার্সিতে শেষ বিশ্বকাপ। ইনজুরির কারণে টুর্নামেন্টের শুরুতে পুরোপুরি ফিট ছিলেন না তিনি। ফলে গ্রুপ পর্বে সীমিত সময় খেলেছেন এবং কোচ কার্লো আনচেলত্তি তাঁকে ধীরে ধীরে ব্যবহার করেছেন। এ নিয়ে নেইমার নিজের ভূমিকা নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করলেও দলের স্বার্থকেই প্রাধান্য দিয়েছেন।

এখন পর্যন্ত এই বিশ্বকাপে নেইমার গোলের চেয়ে বেশি অবদান রেখেছেন আক্রমণ সাজানো, খেলার গতি নিয়ন্ত্রণ এবং তরুণ ফুটবলারদের নেতৃত্ব দেওয়ার মাধ্যমে। ভিনিসিয়ুস জুনিয়র, মার্টিনেল্লি ও মাতেউস কুনিয়াদের সঙ্গে তাঁর সমন্বয় ব্রাজিলের আক্রমণকে আরও বৈচিত্র্যময় করেছে। রাউন্ড অব ১৬-এর আগে তিনি পুরোপুরি অনুশীলনে ফিরেছেন, যা ব্রাজিলের জন্য বড় স্বস্তির খবর।

অন্যদিকে আর্লিং হালান্ড এই বিশ্বকাপে নরওয়ের সবচেয়ে বড় ভরসা। গ্রুপ পর্বে ধারাবাহিক পারফরম্যান্সের পর রাউন্ড অব ৩২-এ আইভরি কোস্টের বিপক্ষে ৮৫ মিনিটে জয়সূচক গোল করে দলকে শেষ ষোলোয় তুলেছেন। সেই গোল শুধু নরওয়েকে জয়ই এনে দেয়নি, ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপের নকআউটে সাফল্যের স্বাদও দিয়েছে। ২০২৬ বিশ্বকাপে হালান্ড ইতোমধ্যেই নরওয়ের আক্রমণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। বক্সের ভেতরে তাঁর অবস্থান, হেড করার দক্ষতা, শারীরিক শক্তি এবং অল্প সুযোগ থেকে গোল বের করে আনার ক্ষমতা তাঁকে বিশ্বের সবচেয়ে ভয়ংকর স্ট্রাইকারদের একজন করে তুলেছে। ব্রাজিলের রক্ষণভাগের সবচেয়ে বড় পরীক্ষাও হবে তাঁকে নিয়ন্ত্রণ করা। ব্রাজিলের জন্য এই ম্যাচ ষষ্ঠ বিশ্বকাপ জয়ের পথে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ। অন্যদিকে নরওয়ের কাছে এটি নতুন ইতিহাস লেখার সুযোগ। একদিকে বিশ্বকাপের সবচেয়ে সফল দল, অন্যদিকে দীর্ঘ প্রতীক্ষার পর আত্মবিশ্বাসে উজ্জীবিত এক ইউরোপীয় শক্তি। তাই ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর এই লড়াই শুধু দুই দলের নয়, এটি অভিজ্ঞতা বনাম ক্ষুধা, ঐতিহ্য বনাম নতুন স্বপ্নেরও এক অসাধারণ সংঘর্ষ।

রূপালী বাংলাদেশ

Link copied!