চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ইছামতি খাল থেকে অর্ধগলিত অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির মাথা পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গতকাল শনিবার বেলা ৩টার দিকে বটতলী ইউনিয়নের তালুকদার ক্লাবের দক্ষিণ পাশে ইছামতি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় কয়েকজন খালের পানিতে মরদেহটি ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। পরে আনোয়ারা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। স্থানীয় বাসিন্দা নাহিদুল ইসলাম নাহিদ বলেন, ‘আমরা এখানে ঘুরতে এসে পানিতে মরদেহ ভাসতে দেখি। পরে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে উদ্ধার করে।’ আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, মরদেহটি অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে এবং মাথা অনুপস্থিত ছিল। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ জানিয়েছে, মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন