ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

জেমিনির এআই চিপ আনছে গুগল

ইনফোটেক ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৬:১৯ এএম

নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক জেমিনি মডেলকে আরও দ্রুত, দক্ষ এবং বিদ্যুৎ-সাশ্রয়ী করতে নতুন প্রজন্মের একটি এআই সার্ভার চিপ তৈরি করছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। নতুন এই চিপটির অভ্যন্তরীণ নাম রাখা হয়েছে ‘ফ্রোজেন ভি২’। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, চিপটি ২০২৮ সালে বাজারে আসতে পারে। এতে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের বরাতে জানানো হয়, বর্তমানে গুগলের ব্যবহৃত এআই চিপের তুলনায় এটি ৬ থেকে ১০ গুণ বেশি দক্ষ হতে পারে। এই দক্ষতা পরিমাপ করা হবে প্রতি ইউনিট বিদ্যুৎ ব্যবহারে কত বেশি সংখ্যক টোকেন (এআই মডেলের তৈরি করা শব্দ বা তথ্যের একক) তৈরি করা যায়, তার ভিত্তিতে। অর্থাৎ একই পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে নতুন চিপ আরও বেশি কাজ করতে পারবে। তবে এ বিষয়ে গুগল আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য দেয়নি। আবার প্রতিবেদনটিও অস্বীকার করেনি। এক বিবৃতিতে গুগল জানায়, ব্যবহারকারী ও গ্রাহকদের সর্বোচ্চ কর্মক্ষমতা এবং দক্ষতা নিশ্চিত করতে তাদের গবেষণা দল নিয়মিত নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে। প্রতিষ্ঠানটির ভাষ্য, প্রতিটি প্রকল্প শেষ পর্যন্ত পণ্য হিসেবে বাজারে না এলেও হার্ডওয়্যার ও সফটওয়্যার একসঙ্গে নকশা করার কৌশল তাদের প্রযুক্তিকে বাস্তব ব্যবহারের জন্য আরও কার্যকর করে তোলে।