গাড়ির ইঞ্জিনে ছোটখাটো কোনো ত্রুটি শুরুতেই শনাক্ত করা না গেলে তা পরবর্তী সময়ে বড় ধরনের যান্ত্রিক সমস্যা, দুর্ঘটনা কিংবা অতিরিক্ত মেরামত ব্যয়ের কারণ হয়ে দাঁড়ায়। এই সমস্যা সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) একটি স্মার্ট মোবাইল অ্যাপ্লিকেশন ‘হুদহুদ’ চালু করা হয়েছে। অ্যাপটির লক্ষ্য হলো গাড়ির স্বাস্থ্য নিয়মিত পর্যবেক্ষণ করে চালককে আগাম সতর্ক করা এবং নিরাপদ ও সাশ্রয়ী যাত্রা নিশ্চিত করা।
অ্যাপটির নির্মাতা আবুল হাসনাত সোহেলের মতে, ইএলএম৩২৭ (ঊখগ৩২৭) ব্লুটুথ ওবিডি ডিভাইসের সঙ্গে সংযুক্ত হয়ে অ্যাপটি গাড়ির তাৎক্ষণিক স্বাস্থ্য পরীক্ষা করতে পারে। এর মাধ্যমে ইঞ্জিনের কুল্যান্টের তাপমাত্রা, ব্যাটারির ভোল্টেজ, জ্বালানির কার্যকারিতা, সেন্সরের তথ্য এবং বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কোড স্মার্টফোনে দেখা যায়। ফলে সমস্যা গুরুতর হওয়ার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।
আগাম ত্রুটি শনাক্তে স্মার্ট প্রযুক্তি
হুদহুদ অ্যাপের অন্যতম প্রধান সুবিধা হলো স্বয়ংক্রিয় ত্রুটিনির্ণয় ব্যবস্থা। গাড়ির ইঞ্জিনে কোনো অস্বাভাবিকতা দেখা দিলে অ্যাপটি তা বিশ্লেষণ করে চালককে সতর্কবার্তা পাঠায়। এতে বড় ধরনের যান্ত্রিক ক্ষতি এড়ানোর পাশাপাশি মেরামতের খরচও কমানো সম্ভব হয়।
নিরাপদ চালনায় সহায়ক
নির্ধারিত গতিসীমা অতিক্রম করলে অ্যাপটি ভয়েস অ্যালার্ট দিয়ে চালককে সতর্ক করে। ভ্রমণ শেষে এটি ইকো-স্কোর, মোট দূরত্ব, গড় গতি এবং সম্ভাব্য জ্বালানি ব্যয়ের তথ্যও দেখায়। ফলে চালক নিজের ড্রাইভিং অভ্যাস বিশ্লেষণ করে আরও নিরাপদ ও জ্বালানি-সাশ্রয়ীভাবে গাড়ি চালাতে পারেন।
জরুরি মুহূর্তে দ্রুত সহায়তা
ভ্রমণের সময় জরুরি পরিস্থিতিতে সহায়তার জন্য অ্যাপটিতে বিশেষ সুবিধা রয়েছে। পাশাপাশি গাড়ির নিয়মিত সার্ভিসের সময়সূচি, ডিজিটাল পরিচয়পত্র এবং প্রয়োজনীয় কাগজপত্রও সংরক্ষণ করা যায়, যা প্রয়োজনের সময় দ্রুত ব্যবহার করা সম্ভব।
এআই সহকারী ও ভয়েস নিয়ন্ত্রণ
হুদহুদে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী কণ্ঠ নির্দেশনার মাধ্যমে বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারে। ব্যবহারকারী ভয়েস কমান্ড ব্যবহার করে গুগল মানচিত্রে গন্তব্য নির্ধারণ, গাড়ির বর্তমান অবস্থা পর্যবেক্ষণসহ বিভিন্ন তথ্য জানতে পারেন।
ধর্মীয় ও দৈনন্দিন প্রয়োজনীয় তথ্য
গাড়ি চালানোর সুবিধার পাশাপাশি অ্যাপটিতে নামাজের সময়ের সতর্কবার্তা, কিবলার দিকনির্দেশনা এবং অন্যান্য ধর্মীয় তথ্যও যুক্ত করা হয়েছে। ফলে যাত্রাপথেও প্রয়োজনীয় ধর্মীয় তথ্য সহজেই পাওয়া যায়।
এক ট্যাপে নিকটস্থ প্রয়োজনীয় সেবা
অ্যাপটির আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো আশপাশের জরুরি সেবাকেন্দ্র দ্রুত খুঁজে পাওয়া। ব্যবহারকারীরা এক ট্যাপেই নিকটস্থ পেট্রোলপাম্প, গাড়ি মেরামতের গ্যারেজ, হাসপাতাল, মসজিদ ও পুলিশ স্টেশনের অবস্থান জানতে পারবেন।
স্মার্ট প্রযুক্তিনির্ভর এই অ্যাপটি গাড়ির যান্ত্রিক সমস্যা আগেভাগে শনাক্ত করে নিরাপদ চালনা নিশ্চিত করার পাশাপাশি অপ্রয়োজনীয় মেরামত ব্যয় কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন নির্মাতারা। অ্যাপটি বর্তমানে গুগল প্লে স্টোরে ডাউনলোডের জন্য উন্মুক্ত।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন