ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ বিশেষ কমিটিতে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০১:৫২ এএম

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনামলে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশ যাচাইবাছাইয়ের জন্য বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। গতকাল রোববার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরুর পর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদে উত্থাপিত অধ্যাদেশগুলো বিশেষ কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়।

সংসদ কার্যকর না থাকায় সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের অধীনে এই অধ্যাদেশগুলো জারি করা হয়েছিল। সংবিধান অনুযায়ী, যে কোনো অধ্যাদেশ নতুন সংসদের প্রথম অধিবেশনে উত্থাপন করতে হয় এবং অধিবেশন শুরুর ৩০ দিনের মধ্যে সেগুলো পাস হতে হয়। তা না হলে সেগুলোর আইনি বৈধতা থাকে না।

সে কারণে গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদের অধিবেশন শুরুর দিনই অধ্যাদেশগুলো অনুমোদনের জন্য জাতীয় সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। সংসদে অধ্যাদেশগুলো বিল আকারে উত্থাপনের পর চিফ হুইপ নুরুল ইসলাম মনি সেদিন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিনের নেতৃত্বে ১৪ সদস্যের একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করেন। কমিটি এই বিলগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাইবাছাই করবে। রোববার অধ্যাদেশগুলো সেই বিশেষ কমিটিতে পাঠিয়ে ২ এপ্রিল প্রতিবেদন দিতে বলা হয়েছে।