ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিমানমন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজার মতবিনিময়

বিজয় দিবসে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০৬:১০ এএম

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। গতকাল মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বাটজা) নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। সভায় দেশের এভিয়েশন ও পর্যটন খাতের বর্তমান পরিস্থিতি, উন্নয়ন পরিকল্পনা, সম্ভাবনা এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

বিমানমন্ত্রী বলেন, আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা করছি। বর্তমানে টার্মিনাল চালুর প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। বিভিন্ন কারিগরি পরীক্ষা ও অপারেশনাল কার্যক্রম চলমান রয়েছে।

আফরোজা খানম বলেন, নতুন টার্মিনাল চালু হলে যাত্রীসেবার মান বাড়বে। পাশাপাশি ইমিগ্রেশন, লাগেজ হ্যান্ডলিং ও বোর্ডিং প্রক্রিয়ায় গতি আসবে। এতে আন্তর্জাতিক যাত্রী পরিবহন সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

সভায় বাটজার নেতারা দেশের এভিয়েশন ও পর্যটন খাতের ইতিবাচক দিকগুলো দেশ-বিদেশে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা এবং তথ্যপ্রাপ্তি সহজ করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।

জবাবে মন্ত্রী বলেন, সরকার দেশের বিমান ও পর্যটন খাতকে আরও আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এ খাতের ইতিবাচক দিকগুলো প্রচারে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি।

আলোচনায় বিমানের বহর সম্প্রসারণ নিয়েও কথা হয়। বিমানমন্ত্রী জানান, যাত্রীচাহিদা বৃদ্ধি ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের বিষয় বিবেচনায় রেখে নতুন উড়োজাহাজ যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, আমরা মিক্সড ফ্লিটের কথা ভাবছি। চলতি বছরের মধ্যেই অন্তত পাঁচটি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতও জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনার কথা জানান।

সভায় উপস্থিত ছিলেন বাটজার আহ্বায়ক আলীমুজ্জামান সাফওয়ান, সদস্যসচিব ইমন চৌধুরী, সদস্য শাহাদাত হোসেনসহ সংগঠনের চার সদস্যের প্রতিনিধি দল।