টানা ভারি বর্ষণ, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসে সৃষ্ট দুর্যোগে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিপদগ্রস্ত মানুষের চিকিৎসাসেবা দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। পাশাপাশি জলাবদ্ধতার কারণে আটকে পড়া বিভিন্ন এলাকায় গিয়ে বাড়ি বাড়ি খাদ্য ও চিকিৎসাসামগ্রী পৌঁছে দিচ্ছেন তারা। বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত সড়ক ও ব্রিজ নির্মাণ, উপড়ে পড়া গাছ সরিয়ে সড়কে চলাচলের উপযোগী করার কার্যক্রম অব্যাহত রেখেছেন সেনাবাহিনীর সদস্যরা।
গতকালও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মেডিকেল ক্যাম্প স্থাপন করে বিভিন্ন রোগে আক্রান্ত এবং আহতদের চিকিৎসাসেবা দিতে শুরু করে সেনাবাহিনীর মেডিকেল টিম। চিকিৎসকদের পরামর্শে বিনা মূল্যে ওষুধ প্রদান করছেন তারা। কয়েক হাজার পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
বান্দরবানের থুইসাপাড়া থেকে ৪ পর্যটক উদ্ধার : বিজিবি জানিয়েছে, গত ৪ জুলাই বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পর্যটনকেন্দ্র অমিয়াখুম ভ্রমণের উদ্দেশ্যে ৪ জন পর্যটক থুইসাপাড়া এলাকায় যান। ৭ জুলাই থেকে টানা ভারি বর্ষণ, পাহাড়ি ঢল এবং বৈরী আবহাওয়ার কারণে নদীপথ অচল হয়ে পড়লে তারা সেখানে আটকা পড়েন। আটকে পড়া পর্যটকদের বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার করা সম্ভব না হলেও স্থানীয় কারবারির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পর্যটকদের নিরাপদ অবস্থান, থাকা-খাওয়া ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়। গতকাল অংসাউপাড়া বিজিবি ক্যাম্প থেকে বিজিবির আরেকটি দল পর্যটকদের সঙ্গে নিয়ে প্রায় চার ঘণ্টা হেঁটে দুর্গম পাহাড়ি পথ ও ঝিরি অতিক্রম করে সীমান্ত সড়কসংলগ্ন নেপিউপাড়া বিওপিতে পৌঁছায়। পরবর্তী সময়ে বিজিবির যানবাহনে করে নিরাপদে তাদের থানচিতে ফিরিয়ে আনা হয়। উদ্ধারকৃত ৪ পর্যটক হলেনÑ ঢাকার সূত্রাপুর থানার বাসিন্দা মো. মারুফ উদ্দিন, আবু হুরায়রা জাদিম এবং শ্যামপুরের বাসিন্দা মাহাদি আল মাহবুব। এদের মধ্যে তামিম রায়হান সৌরভ ঢাকার নটর ডেম কলেজের ছাত্র। বাকিরা সদ্য এসএসসি পাস শিক্ষার্থী।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন