ভূমি খাতে কোনো দুর্নীতি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। গতকাল শুক্রবার সকালে রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পরে তিনি সার্কিট হাউসের সম্মেলনকক্ষে রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন।
ভূমিমন্ত্রী বলেন, ‘ভূমি খাতে কোনো অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। ভূমিদস্যু ও চাঁদাবাজদের আইনের আওতায় আনা হবে। এটি প্রধানমন্ত্রীর নির্দেশ। আমরা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করি। সততা ও নীতির প্রশ্নে কোনো আপস নেই। সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য দুর্নীতিমুক্ত প্রশাসন গড়া বর্তমান সরকারের মূল লক্ষ্য।’
তিনি বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা পুরো রাজশাহীবাসীর সম্মানের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং সবার ভালোবাসা ও সমর্থনের ফল। তিনি আরও বলেন, প্রায় ২০ বছর পর রাজশাহীর জন্য নতুনভাবে পরিকল্পনা গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে।
এ সময় নিজের দায়িত্ব গ্রহণের পরপরই বড় কোনো পরিকল্পনা ঘোষণা না করলেও শিগগিরই রাজশাহীর উন্নয়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা তুলে ধরা হবে বলে ইঙ্গিত দেন ভূমিমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে সার্কিট হাউসের সম্মেলনকক্ষে বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন ভূমিমন্ত্রী। সভায় রাজশাহীর সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং স্বচ্ছতা নিশ্চিতকরণে করণীয় বিষয়ে আলোচনা হয়। এর আগে রাজশাহী বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, ডিআইজি ও পুলিশ কমিশনারের পক্ষ থেকে ভূমিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন