× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০১:৪২ এএম

কোরবানির ঈদ ঘিরে  ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০১:৪২ এএম

কোরবানির ঈদ ঘিরে   ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি

পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে। ঈদ সামনে রেখে গতকাল শনিবার থেকেই রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। একই সময়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকামুখী হচ্ছে কোরবানির পশুবাহী ট্রাক। ফলে বাস টার্মিনাল, রেলস্টেশন, লঞ্চঘাট, মহাসড়ক ও পশুর হাট ঘিরে বাড়ছে মানুষের চাপ। আর এই ব্যস্ততাকেই কেন্দ্র করে সক্রিয় হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে ছিনতাইকারী, অজ্ঞান পার্টি, মলম পার্টি, টিকিট কালোবাজারি ও সংঘবদ্ধ প্রতারক চক্রের।

এসব বিষয় বিবেচনায় রেখে ঈদের ছুটিতে রাজধানী ঢাকাকে নিরাপদ রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপদ ও নির্বিঘœ ঈদযাত্রা নিশ্চিত করতে মাঠে তৎপর রয়েছেন পুলিশ, র‌্যাব, বিজিবি, নৌ পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা। নগরীর প্রবেশমুখ, টোলপ্লাজা, গুরুত্বপূর্ণ সড়ক, বাস টার্মিনাল, রেলস্টেশন, লঞ্চঘাট, কোরবানির পশুর হাট ও আবাসিক এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। স্থাপন করা হয়েছে অতিরিক্ত চেকপোস্ট। চলছে সিসিটিভি মনিটরিং ও বিশেষ টহল কার্যক্রম। ছুটির সময় ঢাকার অনেক বাসা ফাঁকা হয়ে যাওয়ায় চুরি, ডাকাতি ও ছিনতাই ঠেকাতে বিশেষ টহল টিম মাঠে থাকছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, ঈদকে কেন্দ্র করে রাজধানীর প্রবেশ ও বের হওয়ার পয়েন্টে তল্লাশি জোরদার করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর রাখা হচ্ছে কড়া নজরদারি। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপন করা হয়েছে অস্থায়ী চেকপোস্ট।

পুলিশ সদর দপ্তরের এআইজি এ এইচ এম শাহাদাত হোসাইন রূপালী বাংলাদেশকে বলেন, ঈদযাত্রায় যেকোনো ধরনের ভোগান্তি বা অপরাধ মোকাবিলায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ ছাড়াও পুলিশের বিভিন্ন কন্ট্রোলরুম চালু রাখা হয়েছে। তিনি বলেন, যাত্রী ও পশু ব্যবসায়ীদের অজ্ঞান পার্টি, মলম পার্টি ও প্রতারকচক্রের বিষয়ে সতর্ক থাকতে হবে। কাউকে সন্দেহ হলে তাৎক্ষণিক নিকটস্থ পুলিশকে জানাতে হবে।

জানা গেছে, ঈদ ঘিরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), র‌্যাব ও বিজিবি এরই মধ্যে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। বাস টার্মিনাল, রেলস্টেশন, লঞ্চঘাট, মহাসড়ক, টোলপ্লাজা ও রাজধানীর প্রবেশপথে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। বিশেষ করে রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোলপ্লাজা, মেয়র হানিফ ফ্লাইওভার টোলপ্লাজা ও পদ্মা সেতু টোলপ্লাজায় বিজিবি মোতায়েন করা হয়েছে। ঈদের সাত দিন আগে থেকে ঈদের তৃতীয় দিন পর্যন্ত এসব এলাকায় দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন রূপালী বাংলাদেশকে বলেন, ঈদ সামনে রেখে পশুর হাট, ঈদের জামাত, মার্কেট, আর্থিক প্রতিষ্ঠান এবং ঘরমুখো মানুষের ফাঁকা বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ রোববার এ বিষয়ে এক ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হতে পারে। ডিএমপির নিয়মিত সাড়ে চার হাজার পুলিশের পাশাপাশি অতিরিক্ত আরো আড়াই হাজার পুলিশ মাঠে দায়িত্ব পালন করবে। অর্থাৎ ঈদের ছুটিতে রাজধানীর নিরাপত্তায় থাকবে সাত হাজার পুলিশ সদস্য।

তিনি আরও বলেন, জনবহুল ও অপরাধপ্রবণ এলাকায় দুর্বৃত্তদের অপতৎপরতা ঠেকাতে সাদা পোশাকে পুলিশ কাজ করছে। পশুর হাটে বড় অঙ্কের অর্থ লেনদেনের ক্ষেত্রে পুলিশের স্কর্ট টিম সহায়তা দেবে। কেউ চাইলে ৯৯৯ বা কন্ট্রোলরুমে যোগাযোগ করে পুলিশের সহায়তা নিতে পারবেন। পশুবাহী যানবাহনকে কেন্দ্র করে চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে গত ১ মে থেকেই বিশেষ অভিযান চলছে। ঈদ উপলক্ষে অভিযান আরও জোরদার করা হচ্ছে। বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটেও থাকবে বিশেষ টহল টিম।

র‌্যাব জানিয়েছে, ঈদ উপলক্ষে রাজধানী ও আশপাশের এলাকায় তাদের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে চলবে বিশেষ অভিযান। সাইবার মনিটরিংও জোরদার করা হয়েছে, যাতে গুজব কিংবা উসকানিমূলক তথ্য ছড়িয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়। পশুর হাটকেন্দ্রিক চাঁদাবাজি, জাল টাকা ও মলম পার্টির তৎপরতা ঠেকাতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। হাট এলাকায় সিসিটিভি নজরদারি বাড়ানোর পাশাপাশি মোবাইল টিমও কাজ করছে।

র‌্যাবের মুখপাত্র উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী রূপালী বাংলাদেশকে বলেন, আগের ঈদগুলোতে সংঘটিত অপরাধ বিশ্লেষণ করে এবার নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। ঢাকা শহরসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে বাড়তি চেকপোস্ট করা হবে। বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চ টার্মিনালে কন্ট্রোলরুম স্থাপন করা হচ্ছে। টিকিট কালোবাজারি ঠেকাতে মোবাইল কোর্ট চলবে।

বিজিবি সূত্র জানায়, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় প্রয়োজনে বিজিবির টহল জোরদার করা হবে। বিশেষ করে যানজট, নাশকতা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে বিজিবি প্রস্তুত রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় এখনকার চোররাও অনেক স্মার্ট। তাদের সঙ্গে থাকে গ্রিল কাটার পোর্টেবল মেশিন ও উন্নত মানের মাস্টার কি (চাবি)। এমনকি সিসি ক্যামেরা ঝাপসা করার স্প্রে বা সংযোগ বিচ্ছিন্ন করার কৌশলও এখন তাদের নখদর্পণে।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, শান্তিপূর্ণ ও নির্বিঘœ ঈদ উদযাপন নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদর দপ্তরে একটি বিশেষ মনিটরিং সেল চালু করা হয়েছে। ঈদের আগে সাত দিন এবং ঈদের পর সাত দিন এ সেল কার্যকর থাকবে। পাশাপাশি পুলিশ, ফায়ার সার্ভিস, সড়ক পরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিসি ও অন্যান্য সংস্থার জরুরি হটলাইনও সক্রিয় রাখা হবে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!