ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

জাতীয় রাজস্ব বোর্ড

বেসরকারি ল্যাবেও করা যাবে আমদানি পণ্যের রাসায়নিক পরীক্ষা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৩:১৪ এএম

আমদানি করা পণ্য দ্রুত খালাস ও বাণিজ্য সহজীকরণে বেসরকারি ল্যাবরেটরিতেও রাসায়নিক পরীক্ষার অনুমতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি এনবিআরের কাস্টমসনীতির দ্বিতীয় সচিব রেজাউল করিমের সই করা এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

আদেশে বলা হয়েছে, জননিরাপত্তা, জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর পণ্যের আমদানি নিয়ন্ত্রণ, মেধাস্বত্বের সুরক্ষা নিশ্চিত করা, আমদানিনীতি আদেশের শর্ত পরিপালন এবং আমদানিকারকদের ঘোষিত পণ্যের সঠিকতা যাচাইয়ের জন্য কাস্টমস কর্তৃপক্ষ নিয়মিত রাসায়নিক পরীক্ষা করে।

এতে আরও বলা হয়, বর্তমানে এসব পরীক্ষা কাস্টমস ল্যাবরেটরি অথবা নির্দিষ্ট কিছু সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত ল্যাবরেটরিতে করা হয়। তবে এসব প্রতিষ্ঠানের সক্ষমতার সীমাবদ্ধতা থাকায় পরীক্ষার ফল পেতে দীর্ঘ সময় লাগে। ফলে পণ্য খালাসেও বিলম্ব হয়।

আদেশে আরও বলা হয়, এ সমস্যা নিরসন ও বাণিজ্য সহজীকরণের জন্য এখন থেকে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) এবং আন্তর্জাতিক মান সংস্থা আইএসও স্বীকৃত বেসরকারি ল্যাবরেটরিতেও আমদানি করা পণ্যের নমুনা রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো যাবে। এসব ল্যাবের পরীক্ষার প্রতিবেদনের ভিত্তিতেই শুল্কায়ন করা হবে।

তবে পরীক্ষার ক্ষেত্রে কিছু শর্তও জুড়ে দিয়েছে এনবিআর। যার মধ্যে রয়েছে- বেসরকারি ল্যাবরেটরিগুলোকে বিএবি অনুমোদিত পরীক্ষণ পদ্ধতি অনুসরণ করতে হবে। পাশাপাশি আমদানিনীতি আদেশে যেসব পণ্যের ক্ষেত্রে নির্দিষ্ট কর্তৃপক্ষ বা ল্যাবরেটরির নাম উল্লেখ রয়েছে, সেসব ক্ষেত্রে এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে না। ওইসব পণ্যের নমুনা সংশ্লিষ্ট নীতিতে নির্ধারিত ল্যাবেই পাঠাতে হবে।