হামের উপসর্গ নিয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১০৬ জন। একই সময়ে সারা দেশে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৩৯ জন রোগী।
গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম ও ডেঙ্গু-বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
হাম-বিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৪৮ শিশুর। হামে আক্রান্ত হয়ে আরও ৯৩ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৪১ শিশু মারা গেছে। এ ছাড়া, ২৪ ঘণ্টায় ১৫৯ শিশু হামে আক্রান্ত হয়েছে, হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৪৭। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৬ হাজার ৫৬৫, নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ৭৯১। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৯ হাজার ৭৩৪ রোগী, যাদের মধ্যে ৮৬ হাজার ৬২ জন ছাড়পত্র পেয়ে এরই মধ্যে বাড়ি ফিরেছে।

