শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধিসহ প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। গতকাল সোমবার রাজধানীর আগারগাঁও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি এই কথা জানান।
এদিকে শর্ত সাপেক্ষে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মেলা আয়োজনের অনুমতি দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আগারগাঁও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।’
শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য কমাতে বিশেষ পরিকল্পনা নেওয়ার পাশাপাশি শিক্ষকদের দক্ষতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতেও সরকার কাজ করছে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর সমস্যাগুলো চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষকদের জীবনমান উন্নয়ন এবং সুযোগ-সুবিধা বৃদ্ধিতেও সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’
এ ছাড়া বিদ্যমান শিক্ষা কাঠামোকে আরও সমৃদ্ধ করে নতুন কারিকুলাম প্রণয়ন করা হবে, যাতে শিক্ষার্থীদের পাঠ ও লেখার দক্ষতার ঘাটতি দূর করা সম্ভব হয়Ñ জানান প্রতিমন্ত্রী।
এদিকে সরকারি স্কুলে শিক্ষা মেলা আয়োজনের বিষয়ে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফাউন্ডেশন অব এডুকেশনাল ট্রান্সপারেন্সি (এফইটি) স্বউদ্যোগে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষা মেলা আয়োজন করতে পারবে। তবে মেলার সঙ্গে মন্ত্রণালয়ের কোনো ধরনের আর্থিক সংশ্লিষ্টতা থাকবে না।
এ ছাড়া মেলায় শিক্ষার্থীদের জন্য শিক্ষামূলক বইয়ের প্রদর্শনীর পাশাপাশি তাদের মনন বিকাশে সহায়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন শিক্ষামূলক কুইজ প্রতিযোগিতা আয়োজন এবং বিজয়ীদের পুরস্কার প্রদানের ব্যবস্থাও রাখতে হবে।
মন্ত্রণালয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, এসব শর্ত নিশ্চিত করে শিক্ষা মেলা আয়োজনের কার্যক্রম সমন্বয়ের জন্য সংশ্লিষ্ট সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে

