বরিশালে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নিতে হিজলা থেকে রওনা দেওয়া লঞ্চ ডুবোচরে আটকা পড়ে। সেই লঞ্চ থেকে নেতাদের উদ্ধার করতে গিয়ে ডুবে গেছে আরেক নৌকা। মেঘনার শাখা নদী হিজলা উপজেলার বাউশিয়া এলাকায় গতকাল সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) গৌতম চন্দ্র মন্ডল এই তথ্য জানান।
হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান সজল রূপালী বাংলাদেশকে জানান, অভ্যন্তরীণ রুটের অভিযান-৫ লঞ্চে হিজলা উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের বরিশালে যাওয়ার কথা ছিল। লঞ্চটি উপজেলার দুটি ঘাট থেকে নেতাকর্মীদের নিয়ে পুরাতন হিজলা লঞ্চঘাটের কাছাকাছি পৌঁছে চরে আটকে যায়।
তিনি বলেন, একটি ইঞ্জিনচালিত নৌকা নেতাদের লঞ্চ থেকে আনতে যায়। বেশি যাত্রী উঠে পড়ায় নৌকাটি ডুবে যায়। তবে কারো কোনো ক্ষতি হয়নি। পরে স্পিডবোটে বরিশাল নগরীতে এসে তারা প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নেন।
হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) গৌতম চন্দ্র মন্ডল রূপালী বাংলাদেশকে বলেন, ডুবোচরে লঞ্চটি আটকা পড়েছিল। নৌকাটি পানি উঠে ডুবে যায়। বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন