সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির সুধাসদন ভবনে শাকিল নামে ২০ বছর বয়সি এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা ১১টার দিকে ধানমন্ডির ৫ নম্বর রোডের ওই বাড়ি থেকে লাশ উদ্ধারের তথ্য দিয়েছেন ধানমন্ডি থানার এসআই ওয়াদুজ্জামান। ওই যুবক আত্মহত্যা করেছে নাকি হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে তা তদন্ত করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধারের পর বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক প্রধানমন্ত্রীর পারিবারিক বাসভবন সুধাসদন ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতা ওই বাড়িটিতে ভাংচুর চালিয়ে আগুন লাগিয়ে দেয়। এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত পড়ে আছে।
ধানমন্ডি থানার এসআই ওয়াদুজ্জামান বলেন, ‘আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পারি সুধাসদনের একটি পরিত্যক্ত কক্ষে অজ্ঞাত এক যুবক গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি’। আঙুলের ছাপ শনাক্তের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হওয়ার কথা বলছে পুলিশ।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ওই যুবকের নাম মো. শাকিল বলে জানা গেছে। তার বাসা মোহাম্মদপুরের জিগাতলার শিবপুর টালি অফিস এলাকায়। মরদেহ ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন