ভোরের আলো কখনো এক লাফে সমগ্র পৃথিবীকে আলোকিত করে না। প্রথমে সে নিঃশব্দে জানালার কাঁচে এসে থামে, তারপর ঘরের অন্ধকার সরিয়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে চারপাশে। একটি প্রদীপও প্রথমে নিজের চারপাশ আলোকিত করে, তারপর তার আলো পৌঁছে যায় দূর পর্যন্ত। প্রকৃতির এই সহজ নিয়ম যেন মানুষের জীবনকেও নীরবে স্মরণ করিয়ে দেয়Ñ প্রতিটি বৃহৎ পরিবর্তনের জন্ম হয় একটি ছোট পরিসর থেকে, প্রতিটি আলোর সূচনা ঘটে একটি ঘর থেকেই।
সভ্যতার ইতিহাসও সেই সত্যেরই সাক্ষ্য বহন করে। কোনো জাতির শক্তি কেবল তার সুউচ্চ অট্টালিকা, বিস্তৃত সড়ক, উন্নত প্রযুক্তি কিংবা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সীমাবদ্ধ নয়; সেই শক্তির প্রকৃত ভিত্তি নির্মিত হয় মানুষের চরিত্র, মূল্যবোধ এবং পারস্পরিক আস্থার ওপর। আর এই মানবিক ভিত্তির প্রথম ইটটি বসানো হয় পরিবারের ভেতর। শিশুর প্রথম ভাষা, প্রথম হাসি, প্রথম শিক্ষা, প্রথম শৃঙ্খলা এবং প্রথম ভালোবাসা-সবকিছুর সূচনা হয় ঘর থেকেই। তাই একটি জাতির ভবিষ্যৎ জানতে হলে তার পরিবারগুলোর দিকে তাকালেই অনেক উত্তর মিলতে পারে।
সময়ের পরিবর্তনের সঙ্গে সমাজের কাঠামো বদলেছে, জীবনযাত্রা হয়েছে দ্রুততর, প্রযুক্তি মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছে সমগ্র পৃথিবীকে। জ্ঞান আহরণের সুযোগ বেড়েছে, যোগাযোগ হয়েছে সহজ, কর্মক্ষেত্র হয়েছে আরও বিস্তৃত। কিন্তু এই অগ্রগতির পাশাপাশি আরেকটি নীরব পরিবর্তনও আমাদের চোখে পড়ে। একই ছাদের নিচে বসবাস করেও অনেক পরিবারে কথোপকথন কমেছে, ব্যস্ততা বেড়েছে, সম্পর্কের উষ্ণতা অনেক ক্ষেত্রে যান্ত্রিক অভ্যাসে সীমাবদ্ধ হয়ে পড়েছে। মানুষ একে অপরের কাছাকাছি থেকেও কখনো কখনো মানসিকভাবে দূরে সরে যাচ্ছে।
এ বাস্তবতাকে কেবল প্রযুক্তির দোষ কিংবা নতুন প্রজন্মের ব্যর্থতা বলে ব্যাখ্যা করলে সত্যের প্রতি সুবিচার করা হবে না। কারণ কোনো প্রজন্মই শূন্য থেকে গড়ে ওঠে না; তারা বেড়ে ওঠে তাদের পারিবারিক পরিবেশ, সামাজিক সংস্কৃতি এবং সময়ের বাস্তবতার মধ্যে। যে শিশু প্রতিদিন সম্মান, সহমর্মিতা ও দায়িত্ববোধের চর্চা দেখে, তার চরিত্রে সেই গুণাবলি স্বাভাবিকভাবেই বিকশিত হয়। আবার যেখানে সম্পর্কের চেয়ে ভোগ, সংলাপের চেয়ে নীরবতা এবং আদর্শের চেয়ে সুবিধাবাদ বেশি দৃশ্যমান, সেখানে ভবিষ্যৎ প্রজন্মের কাছে ভিন্ন কিছু প্রত্যাশা করাও কঠিন হয়ে পড়ে।
এই কারণেই সমাজ পরিবর্তনের আলোচনা রাষ্ট্র কিংবা রাজনীতি থেকে নয়, শুরু হওয়া উচিত পরিবারকে কেন্দ্র করেই। কারণ ঘরের ভেতরে যে আলো জ্বলে, সেটিই একদিন সমাজের পথে, রাষ্ট্রের নীতিতে এবং জাতির ভবিষ্যতে প্রতিফলিত হয়। পরিবার যদি কেবল বসবাসের স্থান না হয়ে চরিত্র গঠনের বিদ্যালয়ে পরিণত হয়, তবে সেই আলোর দীপ্তি কোনো একক মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না; তা ধীরে ধীরে একটি সমাজের নৈতিক শক্তিতে রূপ নেয়।
আজ আমাদের সবচেয়ে বড় প্রয়োজন নতুন প্রজন্মকে কেবল সফল মানুষ হিসেবে গড়ে তোলা নয়; তাদের এমন মানুষ হিসেবে গড়ে তোলা, যারা সাফল্যের সঙ্গে সততাকে, জ্ঞানের সঙ্গে বিনয়কে এবং স্বাধীনতার সঙ্গে দায়িত্ববোধকে সমান গুরুত্ব দিতে শেখে। কারণ ঘরের ভেতরে যে শিক্ষা জন্ম নেয়, সমাজ একদিন সেই শিক্ষারই প্রতিচ্ছবি হয়ে ওঠে। আর তাই প্রশ্নটি কেবল একটি পরিবারের নয়; এটি একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের প্রশ্ন-যেখানে প্রতিটি আলোর সূচনা হয় ঘর থেকেই।
একটি ঘর কখনো কেবল চারটি দেয়াল আর একটি ছাদের সমষ্টি নয়; এটি মানুষের চরিত্র নির্মাণের প্রথম কর্মশালা। একজন শিশু পৃথিবীকে যেমন চোখ দিয়ে দেখে, তেমনি পরিবারকে দেখে হৃদয় দিয়ে অনুভব করে। সে শেখে কীভাবে বড়দের সম্মান করতে হয়, কীভাবে ভুল স্বীকার করতে হয়, কীভাবে অন্যের কষ্ট উপলব্ধি করতে হয় এবং কীভাবে নিজের অধিকার রক্ষা করতে হয়, তেমনি অন্যের অধিকারকেও সম্মান করতে হয়। এই শিক্ষাগুলো কোনো পাঠ্যবইয়ের নির্দিষ্ট অধ্যায়ে লেখা থাকে না; এগুলো প্রতিদিনের পারিবারিক জীবন, আচরণ ও পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়েই ধীরে ধীরে তার ব্যক্তিত্বের অংশ হয়ে ওঠে।
কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সেই পারিবারিক পরিবেশও নানাভাবে রূপান্তরিত হয়েছে। নগরজীবনের ব্যস্ততা, জীবিকার অনিবার্য চাপ এবং প্রতিযোগিতামূলক বাস্তবতা মানুষকে ক্রমশ কর্মমুখী করে তুলেছে। সংসারের প্রয়োজন মেটাতে গিয়ে অনেক পরিবারেই একসঙ্গে বসে কথা বলার সময় কমে এসেছে। একসময় রাতের খাবারের টেবিলে যে গল্প, অভিজ্ঞতা ও হাসির আদান-প্রদান হতো, আজ সেখানে অনেক সময় নীরবতার উপস্থিতিই বেশি চোখে পড়ে। একই ছাদের নিচে থেকেও, প্রত্যেকে যেন নিজস্ব এক অদৃশ্য জগতে আবদ্ধ হয়ে পড়ছে।
এই পরিবর্তনের সঙ্গে প্রযুক্তিও গভীরভাবে জড়িত। প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে, জ্ঞানের পরিধি বিস্তৃত করেছে এবং বিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে। এর ইতিবাচক অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে প্রযুক্তি যখন সম্পর্কের বিকল্প হয়ে ওঠে, তখন সমস্যা সৃষ্টি হয়। ভার্চুয়াল যোগাযোগ বাস্তব উপস্থিতির বিকল্প হতে পারে না। একটি পরিবারের সদস্যরা যদি একে অপরের অনুভূতি জানার চেয়ে পর্দার খবর জানতে বেশি আগ্রহী হয়ে ওঠেন, তবে সম্পর্কের উষ্ণতা ধীরে ধীরে ম্লান হয়ে পড়ে। মানুষ তখন তথ্যে সমৃদ্ধ হলেও আবেগে দরিদ্র হয়ে যায়।
শিক্ষাব্যবস্থার ক্ষেত্রেও একই বাস্তবতা দেখা যায়। আজকের শিক্ষার্থীরা, আগের যেকোনো সময়ের তুলনায় বেশি তথ্য জানে, কিন্তু তথ্য আর প্রজ্ঞা এক বিষয় নয়। পরীক্ষায় ভালো ফল কিংবা পেশাগত সাফল্য, অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে চরিত্র গঠন ছাড়া, শিক্ষা কখনো পূর্ণতা লাভ করে না। একজন শিক্ষিত মানুষ তখনই সমাজের সম্পদ হয়ে ওঠেন, যখন তার জ্ঞানের সঙ্গে সততা, বিনয়, সহমর্মিতা এবং দায়িত্ববোধও বিকশিত হয়। তাই শিক্ষা যদি কেবল প্রতিযোগিতার সিঁড়িতে সীমাবদ্ধ থাকে, তবে দক্ষ জনশক্তি তৈরি হতে পারে, কিন্তু আদর্শ নাগরিক গড়ে ওঠা কঠিন হয়ে পড়ে।
সমাজের পরিবর্তনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, সাফল্যের ধারণার পরিবর্তন। আজ অনেক ক্ষেত্রেই, একজন মানুষের মূল্যায়ন করা হয় তার সম্পদ, পদ কিংবা সামাজিক অবস্থান দিয়ে। অথচ প্রকৃত মর্যাদা নির্ধারিত হওয়া উচিত, তার সততা, মানবিকতা এবং সমাজের প্রতি অবদানের ভিত্তিতে। যখন বাহ্যিক অর্জনই একমাত্র সাফল্যের মানদ-ে পরিণত হয়, তখন মূল্যবোধ ধীরে ধীরে প্রান্তিক হয়ে পড়ে। ফলস্বরূপ নতুন প্রজন্মের কাছেও সফলতার সংজ্ঞা সংকুচিত হয়ে যায়, যেখানে মানুষের চেয়ে অর্জনের গুরুত্ব বেশি হয়ে ওঠে।
এই পরিস্থিতিতে দোষারোপ নয়, আত্মসমালোচনাই হওয়া উচিত, আমাদের প্রথম পদক্ষেপ। নতুন প্রজন্মকে কেবল সমালোচনা করে কোনো ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব নয়। কারণ, তারা সেই সমাজেরই প্রতিচ্ছবি, যা আমরা নিজেরাই নির্মাণ করেছি। যদি আমরা চাই ভবিষ্যতের মানুষ আরও সৎ, দায়িত্বশীল ও মানবিক হোক, তাহলে সেই পরিবর্তনের সূচনা আমাদের নিজেদের জীবন থেকেই করতে হবে। পরিবারের পরিবেশে পারস্পরিক শ্রদ্ধা, বিদ্যালয়ে মূল্যবোধভিত্তিক শিক্ষা, সমাজে ন্যায়বিচারের চর্চা এবং জনজীবনে সততার মর্যাদা-এই চারটি ভিত্তি দৃঢ় করতে পারলেই ঘরের ভেতরে জ্বলে ওঠা আলো ধীরে ধীরে সমাজের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়বে।
তবে এই বাস্তবতা কোনো হতাশার গল্প নয়; বরং নতুন করে পথচলার আহ্বান। ইতিহাস সাক্ষ্য দেয়, সমাজের প্রতিটি ইতিবাচক পরিবর্তনের সূচনা হয়েছে মানুষের অন্তর থেকেই। আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারে, প্রশাসন ন্যায়বিচার নিশ্চিত করতে পারে, শিক্ষা জ্ঞানের দ্বার খুলে দিতে পারে; কিন্তু বিবেক, সততা এবং মানবিকতার বীজ রোপণ করতে পারে কেবল মানুষই। আর সেই বীজের প্রথম উর্বর ভূমি হলো পরিবার।
প্রতিটি ঘর যদি এমন একটি পরিবেশে পরিণত হয়, যেখানে মতের ভিন্নতা বিভেদের কারণ না হয়ে আলোচনার সুযোগ সৃষ্টি করে, যেখানে ভুল করলে অপমান নয়, সংশোধনের সুযোগ দেওয়া হয়, যেখানে ছোটরা বড়দের কাছ থেকে কেবল উপদেশ নয়, আদর্শও পায়Ñ তবে সেই পরিবার থেকেই গড়ে উঠবে আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও মানবিক নাগরিক। কারণ একটি শিশুর কাছে পৃথিবীর প্রথম সংজ্ঞা তার নিজের ঘর, আর সমাজ সম্পর্কে প্রথম ধারণা জন্ম নেয় পরিবারের আচরণ থেকেই।
এই যাত্রায় শিক্ষাপ্রতিষ্ঠান, সংস্কৃতি, গণমাধ্যম এবং রাষ্ট্রের ভূমিকাও সমান গুরুত্বপূর্ণ। একটি বিদ্যালয় যদি শিক্ষার্থীর মধ্যে কৌতূহল, যুক্তিবোধ ও সহমর্মিতা জাগিয়ে তোলে, একটি গণমাধ্যম যদি সত্য ও ইতিবাচক উদ্যোগকে মর্যাদা দেয়, একটি রাষ্ট্র যদি ন্যায়বিচার ও জবাবদিহিকে অটুট রাখে, তবে মানুষের ভালো থাকার আকাক্সক্ষা আরও শক্ত ভিত্তি পায়। উন্নয়নের প্রকৃত অর্থ তখনই পূর্ণতা লাভ করে, যখন অবকাঠামোর পাশাপাশি মানুষের চরিত্রও সমানভাবে সমৃদ্ধ হয়।
আমাদের মনে রাখতে হবে, একটি আলোকিত সমাজ গড়ে ওঠে না কেবল বড় বড় পরিকল্পনা কিংবা নীতিমালার মাধ্যমে। তার সূচনা হয় প্রতিদিনের ছোট ছোট কাজ থেকেÑ একটি সত্য কথা বলা, একটি প্রতিশ্রুতি রক্ষা করা, একজন প্রবীণকে সম্মান করা, একটি শিশুর কথা মনোযোগ দিয়ে শোনা কিংবা বিপদে একজন মানুষের পাশে দাঁড়ানো। এই ছোট ছোট মানবিক আচরণই একসময় সমাজের সংস্কৃতিতে পরিণত হয় এবং প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে।
আজকের শিশুরাই আগামী দিনের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, বিচারক, উদ্যোক্তা, গবেষক, শিল্পী ও রাষ্ট্রনায়ক। আমরা তাদের হাতে কেমন সমাজ তুলে দেব, সেই সিদ্ধান্ত আজ আমাদেরই নিতে হবে। যদি তারা এমন এক পরিবেশে বেড়ে ওঠে, যেখানে সততা সম্মানিত হয়, পরিশ্রম মূল্যায়িত হয়, মানবিকতা দুর্বলতা নয় বরং শক্তি হিসেবে বিবেচিত হয়, তবে ভবিষ্যতের বাংলাদেশও হবে আরও ন্যায়ভিত্তিক, সহমর্মী ও আত্মমর্যাদাসম্পন্ন।
একটি সত্য কখনো বদলায় নাÑ যে আলো ঘর থেকে শুরু হয়, সেই আলোই একদিন সমাজকে আলোকিত করে। একটি পরিবারের ভালোবাসা, একটি মায়ের শিক্ষা, একটি বাবার সততা, একজন শিক্ষকের আদর্শ কিংবা একজন সাধারণ মানুষের নীরব মানবিকতাই ধীরে ধীরে একটি জাতির চরিত্র নির্মাণ করে। তাই পরিবর্তনের অপেক্ষায় বসে থাকার সময় নয়; বরং নিজের ঘর থেকেই আলোর প্রদীপ জ্বালানোর সময়। কারণ একটি ঘর আলোকিত হলে একটি পরিবার বদলায়, একটি পরিবার বদলালে একটি সমাজ বদলায়, আর সমাজের সেই আলোকরেখাই একদিন একটি জাতির ভবিষ্যৎকে উজ্জ্বল করে তোলে।

