বগুড়ার ধুনটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হতাশার স্ট্যাটাস দেওয়ার পর গলায় ফাঁস লাগিয়ে আনন্দ সরকার লালন (৪২) নামে এক কাপড় ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে ধুনট পৌর শহরের সরকারপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত আনন্দ সরকার লালন দীর্ঘদিন ধরে ধুনট বাজারের দি গ্রেড শপিং সেন্টারে কাপড়ের ব্যবসা করে আসছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৩টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আত্মহত্যার আগে আনন্দ সরকার লালন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি আবেগঘন স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ‘আর পারছি না নিজের সঙ্গে মিথ্যা অভিনয় করতে। কারো কোনো দায় নেই। সবাইকে ভালো রাখতে গিয়ে নিজেই হেরে গেলাম।’

