রংপুরের পীরগঞ্জে একটি গ্রামীণ সড়ক জোরপূর্বক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। শত বছরের পুরোনো চলাচলের এই সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় এলাকার শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। উপজেলার পাঁচগাছি ইউনিয়নের পানেয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, গত সোমবার পানেয়া গ্রামের মৃত সালাম মিয়ার ছেলে সাদ্দাম হোসেন নিজেদের মালিকানার দাবি তুলে সড়কটিতে জোরপূর্বক বাঁশ ও খুঁটি পুঁতে যাতায়াত বন্ধ করে দেন। এর ফলে গ্রামবাসীর দৈনন্দিন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি জরুরি প্রয়োজনে রোগী পরিবহন, কৃষিপণ্য বাজারজাতকরণ এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে মারাত্মক বিঘœ ঘটছে।
ভুক্তভোগী বাসিন্দা সাবু মিয়া, আবু বক্কর সিদ্দিক ও ভ্যানচালক হায়দার আলীসহ অনেকেই জানান, জনস্বার্থ বিবেচনা করে অবিলম্বে চলাচলের এই সড়কটি পুনরায় উন্মুক্ত করতে হবে। এ বিষয়ে তারা দ্রুত তদন্ত সাপেক্ষে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এলাকাবাসীর দাবি, আইনি প্রক্রিয়া বা স্থানীয় সালিশের মাধ্যমে দ্রুত এই জনদুর্ভোগের অবসান ঘটিয়ে রাস্তাটি চলাচলের উপযোগী করা হোক। অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাদ্দাম হোসেন বলেন, ‘আমি রাস্তার জায়গায় বাঁশ পুঁতেছি, তবে নিজের জমি মাপযোগ করেই খুঁটি পুঁতেছি।’
এ বিষয়ে পাঁচগাছি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুলতানা ম-ল বলেন, সাদ্দাম হোসেন গ্রামবাসীর রাস্তা বন্ধ করে দিয়ে কাজটি মোটেও ঠিক করেননি। আমি বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করেছি।

