ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রথমবার ভোট দিয়ে উচ্ছ্বসিত তারকারা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৫:৫২ এএম
ছবি- রূপালী বাংলাদেশ

দীর্ঘ প্রতীক্ষা শেষে সারাদেশে উদযাপিত হয়েছে গণতান্ত্রিক অধিকারের মহোৎসব। সাধারণ মানুষের পাশাপাশি ছোট ও বড় পর্দার তারকাদের মাঝেও দেখা গেছে অভূতপূর্ব উচ্ছ্বাস। কেউ সকালে লাইনে দাঁড়িয়ে নিজের পছন্দের প্রার্থীকে বেছে নিয়েছেন, কেউ আবার শুটিংয়ের ব্যস্ততা একপাশে রেখে ছুটে গেছেন শেকড়ের টানে, নিজের নির্বাচনি এলাকায়। এদের মধ্যে অনেকেই প্রথমবার ভোট দিয়েছেন। তারা কে কোথায় ভোট দিলেন এবং এই ঐতিহাসিক দিনটি নিয়ে তাদের প্রতিক্রিয়া কী, তা নিয়েই রঙের মানুষ পাঠকদের জন্য এই বিশেষ আয়োজন-

আবুল হায়াত

নির্বাচনের পরিবেশ ভালো ও সুন্দর। যোগ্য প্রার্থীরা ভোটে জয়ী হোক, এটাই চাই।

বেবী নাজনীন

ধানের শীষে ভোট দিয়েছি। অবশেষে ভোট দিতে পারলাম, খুব আনন্দ হচ্ছে। এটাই তো চেয়েছিলাম। ইচ্ছে করছে ১৭ বছরের সব ভোট আবার দেই।

আফিয়া নুসরাত বর্ষা

আলহামদুলিল্লাহ, ভোট দিয়েছি। নাগরিক হিসেবে নিজের রায় দিতে পেরে আমি আনন্দিত। আমার কাছে ভোট একটি পবিত্র জিনিস।

অনন্ত জলিল

আমি চাই দেশের সকল মানুষের জন্য এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, শান্তিপূর্ণ ও নিরাপদ বাংলাদেশ গড়ে উঠুক।

সাদিয়া জাহান প্রভা

পরিবেশটা ছিল উৎসবের মতো। ঈদের সময় বাড়িতে এলে যেমন অনুভূতি হয়, ঠিক তেমন লেগেছে। আমি খুবই এক্সাইটেড ছিলাম। সত্যি বলতে উত্তেজনায় ভোটের আগের রাতে ঘুমাতে পারিনি।

আইশা খান

ভোট দেওয়ার অনুভূতিটা বরাবরই খুব বিশেষ। এবার ঢাকা-১০ আসনে ভোট দিয়েছি। খুব সুন্দর এবং শান্তিপূর্ণ একটি পরিবেশ ছিল

মাবরুর রশিদ বান্নাহ

দীর্ঘ ২৫ বছর পর ঢাকা-১৫ আসনের একটি কেন্দ্রে ভোট দিলাম। আমার মনে গভীর বিশ্বাস আছে যে, এবার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। একই সঙ্গে জুলাই বিপ্লবের সকল বীর শহিদ এবং আহতদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

জান্নাতুল ফেরদৌস ঐশী

নির্বাচিত সরকারের কাছে আমাদের বহু প্রত্যাশা নেই, কিন্তু আমাদের স্বস্তি দরকার, শান্তি দরকার। সংবিধান মতো দেশ চলুক, সেটাই চাই।

তমা মির্জা

আমি আগে কখনো ভোট দিইনি। জীবনের প্রথমবার ভোট দিলাম। ভোট আমাদের অধিকার। এই অধিকার সবারই প্রয়োগ করা উচিত।

শবনম ফারিয়া

দীর্ঘদিন পর ভোট দিতে পারাটা দারুণ এক অনুভূতি। নাগরিক হিসেবে আমি দেশের সার্বিক উন্নতি চাই। নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন থমকে থাকে, যা গত দেড় বছরে আমরা উপলব্ধি করেছি।

জাহিদ প্রীতম

জীবনে প্রথম ভোট দেওয়ার অভিজ্ঞতা অদ্ভুত সুন্দর! ঢাকা-১৮ আসনের কেন্দ্রে গিয়ে আমার স্কুলের শিক্ষকদের দেখা পাওয়াটা ছিল পরম প্রাপ্তি। তাদের ভালোবাসা আর দোয়া নিয়ে ভোট দিয়েছি।

রুকাইয়া জাহান চমক

নতুন সরকারের কাছে প্রত্যাশা অনেক। তারা নির্বাচনি ইশতেহার অনুযায়ী যাতে সময়মতো কাজগুলো বাস্তবায়ন করতে পারে, সেই বিশ্বাস রাখতে চাই। আমরা একটি জবাবদিহিতামূলক শাসনব্যবস্থা, জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং শিক্ষা ও বিচারব্যবস্থার আমূল সংস্কার দেখতে চাই।

ইমতিয়াজ বর্ষণ

আমি সংসদীয় আসন চট্টগ্রাম-২ এর ভোটার। নির্বিঘেœ নিশ্চিন্তে ভোট দিতে পেরেছি এটাই সবচেয়ে আনন্দের। ২৪ জুলাই এর সকল শহিদের কাছে আমরা ঋণী। তাদের আত্মত্যাগের বিনিময়ে এই ২৬ সালের নির্বাচন।

পারশা মাহজাবীন পূর্ণী

প্রথমবারের মতো ভোট দিয়েছি। ১৬ ঘণ্টা যানজট পেরিয়ে শুধু নাগরিক দায়িত্ব পালনের জন্য বগুড়ায় গেছি। আমার কাছে ভোট কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি গণতন্ত্রের প্রতি সরাসরি অঙ্গীকার।

অনুভব মাহবুব

আলহামদুলিল্লাহ, জীবনে প্রথমবার ভোট দিলাম। অসাধারণ অনুভূতি, দারুণ রোমাঞ্চকর অভিজ্ঞতা। বাংলাদেশের নাগরিক অধিকার আদায় করলাম। ঢাকা ১৫ আসনে খুব সুন্দর আনন্দদায়ক পরিবেশে ভোট হয়েছে।

সুচন্দা, ববিতা ও চম্পা, তিন বোন একসঙ্গে ভোট দিয়েছেন। সুচন্দা বলেন, আমার ছেলে ভোট পাক আর না পাক, জিতুক বা না জিতুক, সংসদ সদস্য হিসেবে অংশগ্রহণ করছে এটা আমার কাছে বিশাল ব্যাপার। আপনারা সকলে আমার ছেলের জন্য দোয়া করবেন।

এ ছাড়াও ভোট দিয়েছেন মডেল-অভিনেতা আদিল হোসেন নোবেল, চিত্রনায়ক আদর আজাদ, অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান, আয়েশা সালমা মুক্তি, শাকিবা বিনতে আলী, জেফার, মিষ্টি জান্নাত, আইরিন সুলতানা, ইফফাত আরা তিথি, ইমু শিকদার, সঞ্চিতা দত্ত, মেহবুবা মাহনূর চাঁদনী, এলিনা শাম্মী, অভিনেতা হারুন রশিদ বান্টি, সাইফুর রহমান ইভান, হিমে হাফিজ, অনুভব মাহবুব, সংগীতশিল্পী আয়েশা মৌসুমী, নওশিন তাবাসসুম সরণ, ফাহিম ফয়সাল, লুৎফর হাসান, মোহাম্মদ মিলন, পরিচালক সোহেল আরমান, সাইফ চন্দন, আশফাক নিপুন, মৌ খান, তানহা তাসনিয়া প্রমুখ।