দক্ষিণ গোলার্ধের অন্যতম বড় চলচ্চিত্র উৎসব ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন (আইএফএফএম)’-এর ২০২৬ আসরে বাংলাদেশের তিনটি সিনেমা জায়গা করে নিয়েছে।
উৎসবের মর্যাদাপূর্ণ বিভাগ ‘বেস্ট ফিল্ম ফ্রম দ্য সাবকন্টিনেন্ট’-এ মনোনয়ন পেয়েছে বাংলাদেশের মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, মোহাম্মদ তৌকির ইসলামের ‘দিলুপি’ এবং মাহদে হাসানের ‘বালুর নগরীতে’।
সম্প্রতি উৎসব কর্তৃপক্ষ প্রকাশিত অফিসিয়াল মনোনয়ন তালিকায় এই তথ্য জানানো হয়। উপমহাদেশের সেরা চলচ্চিত্রের এই বিভাগে বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশের সিনেমা প্রতিদ্বন্দ্বিতা করছে।
এবারের আইএফএফএমের উদ্বোধনী আয়োজনের (কার্টেন রেইজার) বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন বলিউড তারকা আমির খান। অস্ট্রেলিয়ার মেলবোর্নে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে তার অভিনীত ও প্রযোজিত কালজয়ী সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে গতকাল বিশেষ প্রদর্শনী হয়েছে। এই আয়োজনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদযাপন শুরু হয়।
আগামী ১৩ থেকে ২৩ আগস্ট অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে অনুষ্ঠিত হবে আইএফএফএমের ১৭তম আসর। উৎসবের বিভিন্ন বিভাগে ৩১টি ভাষার ৭৫টির বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে
আন্তর্জাতিক এই মঞ্চে একসঙ্গে তিনটি বাংলাদেশি সিনেমার মনোনয়নকে দেশের স্বাধীন ধারার চলচ্চিত্রের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, মেজবাউর রহমান সুমন, মোহাম্মদ তৌকির ইসলাম ও মাহদে হাসানের মতো নির্মাতাদের কাজ বিশ্ব চলচ্চিত্রের পরিসরে বাংলা সিনেমার নতুন সম্ভাবনা তুলে ধরছে।
উৎসবের সমাপনী আয়োজনে ‘বেস্ট ফিল্ম ফ্রম দ্য সাবকন্টিনেন্ট’ বিভাগের বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন