ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হাওর রক্ষা বাঁধ নির্মাণে লুটপাটের প্রতিবাদে কৃষকদের গণবিক্ষোভ

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৩:৩৭ এএম

সুনামগঞ্জের হাওরাঞ্চলে ফসল রক্ষা বাঁধ নির্মাণে ভয়াবহ অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে রাজপথে নেমেছেন কয়েক হাজার কৃষক। ‘হাওর বাঁচাও আন্দোলন’-এর ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে বাঁধের কাজে লুটপাটকারীদের বিচার এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য জরুরি ভিত্তিতে ‘ফসল বিমা’ চালুর জোরালো দাবি জানানো হয়েছে।

গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ শহরের প্রাণকেন্দ্র ট্রাফিক পয়েন্টে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা কৃষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং পেশাজীবী সংগঠনের নেতাদের অংশগ্রহণে এ সময় শহর উত্তাল হয়ে ওঠে। বিক্ষুব্ধ কৃষকদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও জেলা প্রশাসনের যোগসাজশে বাঁধের নামে সরকারি অর্থের হরিলুট চলছে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, হাওরের বাঁধের প্রাক-জরিপ ও পরবর্তী জরিপে ব্যাপক কারচুপি করা হয়েছে। অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করে অর্থ আত্মসাৎ এবং গত বছরের অক্ষত বাঁধে নতুন বরাদ্দ দেখিয়ে টাকা চুরির চাঞ্চল্যকর দাবি তোলেন তারা। বক্তারা বলেন, পাউবো ও প্রশাসনের স্বেচ্ছাচারিতার কারণে প্রতি বছর কৃষকের ঘাম ঝরানো বোরো ফসল হুমকির মুখে পড়ছে।

বিক্ষোভ শেষে সংগঠনের নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। তাদের উত্থাপিত সাত দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলোÑ নীতিমালা লঙ্ঘনকারী কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, ‘কাবিটা’ (কাজের বিনিময়ে টাকা) নীতিমালা কঠোরভাবে অনুসরণ, প্রকল্প বাস্তবায়ন কমিটিতে (পিআইসি) রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে প্রকৃত কৃষকদের অন্তভর্ভুক্তি, ডিজিটাল মনিটরিং ব্যবস্থা চালু এবং অকালবন্যা মোকাবিলায় অবিলম্বে ‘ফসল বিমা’ কার্যকর করা।

হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি চিত্তরঞ্জন তালুকদার সমাবেশে বলেন, ‘আমরা আর কতকাল দুর্নীতির বলি হব? আমাদের পাহারাদারেরাই এখন ভক্ষক হয়ে দাঁড়িয়েছে।’ সংগঠনের সাধারণ সম্পাদক বিজন সেন রায় হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বাঁধের কাজে দুর্নীতি মানেই কৃষকের পেটে লাথি মারা। সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’

জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন কুদরত পাশা, আবু সাঈদসহ বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা।