ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ডাকাত নিহত

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৭:৩০ এএম

মৌলভীবাজারের বড়লেখায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টাকালে নিজ দলের সদস্যের গুলিতে এক ডাকাত নিহত হয়েছে। গত সোমবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার দাসের বাজার ইউনিয়নের লঘাটি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ডাকাতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। জানা গেছে, একদল ডাকাত লঘাটি গ্রামের যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়ির রান্নাঘরের দরজা ভেঙে ঢোকার চেষ্টা করে। বাড়ির বাসিন্দা গিয়াস উদ্দিন ও তার পরিবার বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করেন। ডাকাতরা গিয়াস উদ্দিনকে লক্ষ্য করে গুলি ছুড়লে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে তাদেরই এক সদস্যের মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, পুলিশ সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহতের পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হচ্ছে।