ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ইপিজেড শ্রমিকদের বিক্ষোভ, গেটে তালা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৬:৩৪ এএম

পাবনার ঈশ্বরদী ইপিজেডে শ্রমিকদের যাতায়াত ভাড়া বৃদ্ধি নিয়ে অসন্তোষের জেরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকেরা গতকাল শনিবার সকালে ইপিজেডের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন। এতে কয়েক ঘণ্টার জন্য ইপিজেডে প্রবেশ ও বের হওয়ার কার্যক্রম পুরোপুরি ব্যাহত হয় এবং ফটকের বাইরে কয়েক হাজার শ্রমিক অবস্থান নেন।

জানা যায়, সম্প্রতি শ্রমিকদের যাতায়াতের জন্য ব্যবহৃত পরিবহনের ভাড়া বাড়ানো হলে সাধারণ শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ভাড়া পুনর্নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গতকাল সকাল থেকেই শ্রমিকেরা প্রধান ফটকের সামনে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন। একপর্যায়ে তারা প্রধান ফটকে তালা লাগিয়ে দিলে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

আন্দোলনের খবর পেয়ে দ্রুত বেপজা কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শ্রমিক প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরবর্তীতে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বেপজা কর্তৃপক্ষের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় শ্রমিকদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

ঈশ্বরদী ইপিজেডের নির্বাহী পরিচালক এ বি এম শহিদুল ইসলাম বলেন, ‘শ্রমিকদের কিছু দাবি ও ভাড়া বৃদ্ধির বিষয় নিয়ে সাময়িক অসন্তোষ তৈরি হয়েছিল। আমরা শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছি এবং তাদের দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কারখানার উৎপাদন কার্যক্রম সচল রয়েছে।

কর্তৃপক্ষের সুনির্দিষ্ট আশ্বাসের পর শ্রমিকেরা প্রধান ফটকের তালা খুলে দেন এবং কাজে যোগদান করেন। ঘণ্টাব্যাপী চলা এই আন্দোলনে কয়েক হাজার শ্রমিক অংশ নিলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা ভাঙচুরের খবর পাওয়া যায়নি।