ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কাফকোর পর উৎপাদনে ডিএপি সার কারখানা

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৬:৩৬ এএম

চট্টগ্রামের আনোয়ারা শিল্পাঞ্চলে প্রাণচাঞ্চল্য ফিরছে। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) উৎপাদনে ফেরার পর এবার সচল হয়েছে উপজেলার রাষ্ট্রায়ত্ত আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল)। কাঁচামালের সংকটে দীর্ঘদিন বন্ধ থাকার পর গতকাল শনিবার দুপুর ২টা থেকে কারখানাটি পুনরায় উৎপাদন শুরু করেছে।

কারখানা সূত্রে জানা যায়, কাঁচামাল হিসেবে ব্যবহৃত অ্যামোনিয়া শেষ হয়ে যাওয়ায় গত ১৮ এপ্রিল ডিএপিএফসিএলের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে গত ২ মে বিকেল থেকে কাফকো পুনরায় উৎপাদনে ফেরায় সেখান থেকে ডিএপি কারখানায় অ্যামোনিয়া সরবরাহ শুরু হয়। কয়েক দিন পর্যাপ্ত অ্যামোনিয়া মজুত এবং যান্ত্রিক আনুষঙ্গিক সব প্রস্তুতি শেষ করে গতকাল দুপুরের পর পুরোদমে উৎপাদনে যায় কারখানাটি।

কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনুল হক উৎপাদনের বিষয়টি নিশ্চিত করে জানান, কাফকো থেকে অ্যামোনিয়া পাওয়ার পর আমরা প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করি। শনিবার দুপুর ২টা থেকে আমরা উৎপাদনে ফিরতে পেরেছি। বর্তমানে সবকিছু ঠিকভাবে চলছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কারখানাটি পুরোদমে চালু থাকলে বর্তমান মৌসুমে দৈনিক ৬০০ থেকে ৭০০ মেট্রিক টন সার উৎপাদন করা সম্ভব হবে। আনোয়ারা উপজেলার দুটি বড় সার কারখানা একত্রে সচল হওয়ায় কৃষি খাতে সারের চাহিদা পূরণে এটি বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।