ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

চরম ভোগান্তিতে যাত্রীরা

হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক আড়াই ঘণ্টা অবরোধ

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মে ১৭, ২০২৬, ০৮:১৫ এএম

মৌলভীবাজারে বাস চলাচলে বাধা এবং শ্রমিকদের মারধরের প্রতিবাদে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করে রাখেন পরিবহন মালিক-শ্রমিকেরা। গতকাল শনিবার দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত এই অবরোধের কারণে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়ে হাজারো সাধারণ যাত্রী।

শ্রমিকেরা জানান, দীর্ঘ ৫২ বছর ধরে হবিগঞ্জ-সিলেট ভায়া মৌলভীবাজার সড়কে বিরতিহীন পরিবহন চলাচল করে আসছে। কিন্তু সম্প্রতি মৌলভীবাজারের একটি পক্ষ তাদের বাস চলাচলে অন্যায়ভাবে বাধা দিচ্ছে। এর আগে গত ১০ মে মৌলভীবাজারে বিরতিহীন বাস আটকে হবিগঞ্জের পরিবহন শ্রমিকদের মারধরের ঘটনাও ঘটে। এর প্রতিবাদে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ সিলেটসহ জেলার অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। পরবর্তীতে স্থানীয় প্রশাসনের আশ্বাসে বাস চলাচল স্বাভাবিক হলেও গতকাল সকালে আবারও মৌলভীবাজারে হবিগঞ্জের বাস আটকে শ্রমিকদের মারধর করার অভিযোগ ওঠে।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শ্রমিকেরা দুপুর ১২টার দিকে জেলার শায়েস্তাগঞ্জ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের নতুন ব্রিজ গোলচত্বরে কয়েকটি বাস আড়াআড়ি করে রেখে ব্যারিকেড সৃষ্টি করেন। এতে মাধবপুর থেকে শেরপুর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সড়কের দুপাশে আটকা পড়ে শত শত যানবাহন। স্থবির হয়ে পড়ে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগব্যবস্থা। পরে খবর পেয়ে বেলা আড়াইটার দিকে স্থানীয় প্রশাসন ও পুলিশ এসে ঘটনার সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করে নেন।

সিলেটগামী যাত্রী কলেজ শিক্ষক মো. আমিনুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, জরুরি কাজে সিলেট যাচ্ছি, কিন্তু আড়াই ঘণ্টা ধরে এই তীব্র গরমে রাস্তার মাঝখানে আটকে আছি। ছোট বাসে বাচ্চারা গরমে ছটফট করছে, বয়স্ক মানুষেরা অসুস্থ হয়ে পড়ছেন। এভাবে রাস্তা বন্ধ করে হাজার হাজার মানুষকে জিম্মি করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তবে বাস মালিক ও শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভরঞ্জন চাকমা বলেন, দুই জেলার বাস মালিক ও শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধের জেরে হঠাৎ করেই দুপুরের দিকে মহাসড়ক অবরোধ করা হয়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই এবং উভয় পক্ষকে নিয়ে বৈঠকের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হলেও যানজটের প্রভাব দীর্ঘ সময় থাকবে।