খুলনার কয়রায় সিঁধ কেটে ঘরে ঢুকে ভবতোষ মৃধা (৩৭) নামের এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রোববার রাত দেড়টার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের মধ্য মহেশ্বরীপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার স্ত্রীও আহত হয়েছেন। নিহত ভবতোষ মৃধা একজন ওষুধ ব্যবসায়ী ছিলেন। তিনি গিলাবাড়ি বাজারে একটি ওষুধের দোকান পরিচালনা করতেন বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান খোকন জানান, রাতে সংঘবদ্ধ একটি চক্র ভবতোষ মৃধার মাটির ঘরে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। শব্দ পেয়ে ভবতোষ জেগে ওঠে, বাধা দিলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার স্ত্রী বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভবতোষ মৃধাকে মৃত ঘোষণা করেন। আহত স্ত্রী সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে। কয়রা থানার ওসি মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
এদিকে স্থানীয়রা জানান, কয়রায় সম্প্রতি সিঁধ কেটে চুরির ঘটনা বেড়ে গেছে। অভিযোগ রয়েছে, একটি সংঘবদ্ধ চক্র রাতে ঘরে চেতনানাশক স্প্রে করে বাসিন্দাদের অচেতন করে চুরি ও হামলার ঘটনা ঘটাচ্ছে। এতে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা রাতের নিরাপত্তা জোরদার ও পুলিশের নিয়মিত টহল বৃদ্ধির দাবি জানিয়েছেন।

