ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

র‌্যাব ক্যাম্পের পাশ থেকে গরু লুট, আতঙ্কে খামারিরা

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০৭:১০ এএম

ফেনীতে পবিত্র ঈদুল আজহার হাটে বিক্রির জন্য আনা এক ব্যবসায়ীর গরু অস্ত্রের মুখে লুটে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের রামপুর এলাকায় এই দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনাস্থলটির ঠিক পাশেই র‌্যাব-৭-এর স্থায়ী ক্যাম্প অবস্থিত।

ভুক্তভোগী গরু ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান, ঈদুল আজহা উপলক্ষে হাটে বিক্রি করে কিছুটা লাভের আশায় তিনি বিভিন্ন ব্যক্তি ও এনজিও থেকে বিপুল অঙ্কের ঋণ নিয়ে ১০টি গরু কিনেছিলেন। বিক্রির উদ্দেশ্যে ফেনী র‌্যাব-৭ ক্যাম্পের পাশে গরুগুলো বেঁধে তিনি নিজেই পাহারা দিচ্ছিলেন। কিন্তু শনিবার ভোর ৫টার দিকে হঠাৎ ৪-৫ জন সশস্ত্র দুর্বৃত্ত এসে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে ফেলে এবং একটি বড় গরু জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

তাৎক্ষণিক ব্যবসায়ী দেলোয়ার হোসেনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে গাড়িটিকে পেছন থেকে ধাওয়া করলেও শেষ রক্ষা হয়নি। চোখের সামনে ধার-দেনা করে কেনা গরু লুটের ঘটনায় কান্নায় ভেঙে পড়েন এই মৌসুমি ব্যবসায়ী। অবশিষ্টাংশ গরু ও নিজের পুঁজি রক্ষায় তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে, জননিরাপত্তা বলয়ের এত কাছে প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে ব্যবসায়ীকে জিম্মি করে গরু ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় খামারি ও মৌসুমি ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অন্য ব্যবসায়ীরাও এখন নিজেদের গবাদি পশু ও জানমালের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করছেন।

ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রামপুর এলাকায় ব্যবসায়ীকে জিম্মি করে গরু ছিনতাইয়ের তথ্য পুলিশ পেয়েছে। এই চক্রটিকে ধরতে ইতিমধ্যেই অভিযান শুরু হয়েছে। কোরবানির পশুর হাটের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে এবং এ বিষয়ে কাউকেই ছাড় দেওয়া হবে না।