কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাঁড়াশি অভিযানে ১৫ লাখ টাকারও বেশি মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২২ বিজিবি এ তথ্য নিশ্চিত করে। গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে ১ হাজার ৬৫ পিস ভারতীয় ইয়াবা, ২১টি গবাদিপশু এবং বিপুল পরিমাণ কসমেটিকসসহ বিভিন্ন চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়েছে। জব্দকৃত মালামালের বাজারমূল্য ১৫ লাখ ২ হাজার ৭৬০ টাকা। সীমান্তে অপরাধ দমনে বিজিবি নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ দমনে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বদ্ধপরিকর। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে।

