ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ১২:২৫ এএম

ফেসবুকে প্রেমের সম্পর্কের জেরে বিয়ের দাবিতে ফেনীর সোনাগাজীতে ওমানপ্রবাসী এক যুবকের বাড়িতে অবস্থান নিয়েছেন নীলফামারীর এক তরুণী (২২)। গত বুধবার রাত ১১টা থেকে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের আবদুল আজিজ সারেং বাড়িতে শুরু হওয়া এই অনশন এখন স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জানা যায়, তিন বছর আগে ওমান পাড়ি দেওয়া আরিফ হোসেনের সঙ্গে এক বছর আগে ফেসবুক মেসেঞ্জারে পরিচয় হয় ওই তরুণীর। এর পরই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আরিফ এক মাস আগে দুই মাসের ছুটিতে দেশে এলে ১৫ দিন আগে ওই তরুণী তার সঙ্গে দেখা করতে ফেনীর মহিপালে আসেন। তরুণীর ভাষ্যমতে, সরাসরি দেখার পর তাকে পছন্দ না হওয়ায় আরিফ নানা অজুহাতে তাকে বুঝিয়ে নীলফামারীর বাড়িতে ফেরত পাঠিয়ে দেন এবং এর পরই নিজের ফেসবুক আইডি ও মোবাইল নম্বর বন্ধ করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন।

আরিফের এক বন্ধুর কাছ থেকে ঠিকানা সংগ্রহ করে বুধবার রাতে তরুণীটি সরাসরি সোনাগাজীর ওই বাড়িতে উপস্থিত হন। কিন্তু তরুণীকে দেখেই আরিফ ও তার পরিবারের সদস্যরা ঘরে তালা ঝুলিয়ে অন্যত্র সরে পড়েন। এ অবস্থায় তরুণীটি বাড়ির বারান্দায় অবস্থান নিয়েছেন।

তবে আরিফের মা নারগিস আক্তার তরুণীকে ‘হ্যানিট্র্যাপ’ সদস্য ও প্রতারক হিসেবে আখ্যা দিয়ে সোনাগাজী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পাওয়ার পর সোনাগাজী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীর বক্তব্য রেকর্ড করে। তবে তরুণীটি বিয়ের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ওই বাড়ি ত্যাগ করবেন না বলে অনড় রয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে ওই বাড়িতে গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কিন্তু ওই তরুণী বিয়ে ছাড়া ঘটনাস্থল ছাড়বেন না বলে জানিয়েছেন।