নীলফামারীর জলঢাকায় কলেজ শিক্ষার্থী কিবরিয়া ইসলাম পিয়েলকে হত্যার প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার মীরগঞ্জ বাজারে স্থানীয় বাসিন্দারা এই কর্মসূচি পালন করেন।
বক্তারা জানান, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে গত ১১ জুন সন্ধ্যায় পিয়েলের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের অভিযোগ, মূল অভিযুক্তদের গ্রেপ্তারে ধীরগতি রয়েছে। অবিলম্বে সব হত্যাকারীকে আইনের আওতায় আনার দাবি জানান তারা। এ বিষয়ে জলঢাকা থানার ওসি নাজমুল আলম বলেন, এখন পর্যন্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করা হবে।

