কিশোরগঞ্জের তাড়াইলে বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি, তিন মাদকসেবী এবং বিভিন্ন মামলার পাঁচ ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে একজন নারী রয়েছেন। গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গতকাল মঙ্গলবার গ্রেপ্তারদের কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ইয়াবাসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি হলেন উপজেলার ধলা ইউনিয়নের সেকান্দরনগর গ্রামের নুর উদ্দিনের ছেলে আবু হানিফ (৩৫) এবং জাওয়ার ইউনিয়নের পশ্চিম জাওয়ার গ্রামের মারফত আলীর ছেলে মানিক মিয়া (২৪)। এ সময় তাদের সঙ্গে থাকা তিন মাদকসেবীকেও আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পৃথক অভিযানে বিভিন্ন মামলার পাঁচ ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—ধলা ইউনিয়নের সেকান্দরনগর গ্রামের আবদুল লতিফের ছেলে আরিফ (২১), একই গ্রামের সাদেকের ছেলে রোমান (২৩), তালজাঙ্গা ইউনিয়নের চর তালজাঙ্গা গ্রামের মৃত আবদুল কদ্দুসের ছেলে ইলিয়াস (২৩), জাওয়ার ইউনিয়নের বোরগাঁও গ্রামের মৃত রমজানের ছেলে কামাল উদ্দিন (৪০) এবং দিগদাইড় ইউনিয়নের বরুহা গ্রামের সোহেল রানার স্ত্রী শরমিন আক্তার (৩০)।
থানা সূত্রে জানা গেছে, জনবল সংকট মোকাবিলায় জেলা পুলিশ থেকে অতিরিক্ত সদস্য এনে চারটি দলে ভাগ হয়ে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক কারবারি, মাদকসেবী ও আদালতের ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়।
তাড়াইল থানার ওসি আবু সালেহ মাসুদ করিম অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক, সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দুই মাদক কারবারি, তিন মাদকসেবী এবং পাঁচ ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

