দিনাজপুরের বীরগঞ্জে ডাক্তার দেখাতে যাওয়ার পথে মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মা ও তার তিন বছর বয়সি ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের ভাবকী পাঁচপীর এলাকায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মালগ্রাম এলাকার মো. নাজমুল ইসলামের স্ত্রী ফাহিমা আক্তার (২৮) এবং তাদের ছেলে আব্দুল্লাহ (৩)। আহত নাজমুল ইসলাম (৩২) বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
দশমাইল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জিল্লুর রহমান জানান, নাজমুল ইসলাম স্ত্রী ও ছেলেকে মোটরসাইকেলে নিয়ে ঠাকুরগাঁও জেলার উত্তর গড়েয়ায় এক হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। পথে পেছন থেকে ঠাকুরগাঁওগামী একটি মাছবাহী পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনজনই সড়কে ছিটকে পড়েন। এ সময় পিকআপটি ফাহিমা আক্তার ও তার ছেলে আব্দুল্লাহর ওপর দিয়ে চলে যায়। পরে চালক ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভোর হওয়ায় সড়কে লোকজন কম থাকায় পিকআপটি দ্রুত পালিয়ে যায় বলে জানান দায়িত্বরত হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) দেবাশীষ রায়।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আবু বক্কর সিদ্দীক জানান, মা ও ছেলেকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। আহত নাজমুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বীরগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দশমাইল হাইওয়ে থানার ওসি নির্মূল চন্দ্র মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পিকআপটি শনাক্ত ও জড়িত চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

