পাবনার ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে নীরব (১২) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। নিহত নীরব বগুড়ার ধুনট উপজেলার কুলাগাতি গ্রামের মৃত ভরু মোল্লার ছেলে। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে রাজশাহীগামী আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী বাইপাস স্টেশনে পৌঁছালে ট্রেনের ছাদে মরদেহটি দেখতে পান যাত্রী ও স্টেশনে কর্মরত ব্যক্তিরা। খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ধারণা, ট্রেনটি ভাঙ্গুড়া উপজেলার বড়াল সেতু অতিক্রম করার সময় সেতুর রেলিংয়ের সঙ্গে কিশোরের মাথায় আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হতে পারে। ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেতুর রেলিংয়ের সঙ্গে মাথায় আঘাত লেগে কিশোরটির মৃত্যু হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে।

