ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ফ্রি ফায়ার খেলা নিয়ে যুবককে ছুরিকাঘাত

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৬:৩৬ এএম

পিরোজপুরের জিয়ানগরে মোবাইল ফোনে ‘ফ্রি ফায়ার’ গেম খেলাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে রাকিব কাজী (২২) নামের এক যুবককে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। উন্নত চিকিৎসার জন্য গতকাল বুধবার তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়। আহত রাকিব জিয়ানগর উপজেলার চরনী পত্তাশী গ্রামের মৃত আকরাম কাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে পত্তাশী ইউনিয়নের কাজীপাড়া এলাকায় রাকিব ও অভিযুক্ত রাতুল মোল্লাসহ কয়েকজন একত্রে ফ্রি ফায়ার গেম খেলছিলেন। খেলার একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়, যা উপস্থিত লোকজন তখনই মিটমাট করে দেন। তবে ভুক্তভোগী রাকিবের অভিযোগ, ওই ঘটনার জের ধরে রাতে রাতুলের বাবা মানিক মোল্লা, মা ও চাচাতো ভাই বাপ্পি মোল্লা তার ওপর অতর্কিত হামলা চালান। এ সময় রাতুল মারধর শুরু করলে তার বাবা মানিক মোল্লা পেটে ছুরি ঢুকিয়ে দেন এবং হাতে কোপ দেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আকাশ সাহা জানান, রোগীর পেটের আঘাত অত্যন্ত গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে।

অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে জিয়ানগর ওসি মো. মহাব্বত খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।