বন্যা-পরবর্তী জনদুর্ভোগ কমাতে এবং ঝুঁকিপূর্ণ স্থানে দ্রুত ব্যবস্থা গ্রহণে মাঠপর্যায়ে সক্রিয় রয়েছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে উপজেলার চুনতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রুস্তমের পাড়া এলাকায় অবস্থিত লালা ফকির জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসা-সংলগ্ন হাতিয়ার খালের ভাঙনপ্রবণ স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন ইউএনও মো. বায়েজীদ বিন আখন্দ। সাম্প্রতিক বন্যা ও অতিবৃষ্টির তীব্র স্রোতে সৃষ্ট ভাঙনে স্থানীয় জনবসতি ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো মারাত্মক হুমকির মুখে পড়েছে। পরিদর্শনকালে ইউএনও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এবং স্থানীয়দের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। প্রশাসনের এমন তাৎক্ষণিক পদক্ষেপে এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন