গাজীপুরের কালীগঞ্জে ধারাবাহিক গরু চুরির ঘটনায় এলাকার কৃষক ও খামারিদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, গত এক মাসে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে অন্তত এক ডজন গরু চুরি হয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে তুমলিয়া ইউনিয়নের টিওরী গ্রামের খানবাড়ির একটি গোয়ালঘর থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকা দামের তিনটি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ভুক্তভোগী কৃষক মো. জামারুল খান জানান, শুক্রবার ভোরে তার স্ত্রী ঘুম থেকে উঠে দেখেন গোয়ালঘরের প্রধান দরজা বাইরে থেকে আটকানো। অন্য দরজা দিয়ে বাইরে গিয়ে দেখেন ভেতরে থাকা দুধেল গাভিসহ তিনটি গরুই নেই। পরে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি ওই এলাকায় চুরি ও ডাকাতির উপদ্রব আশঙ্কাজনক হারে বেড়েছে। কিছুদিন আগে উত্তর সোম এলাকায় দুই বালু ব্যবসায়ীর গদিতে হানা দিয়ে নগদ টাকা, মোবাইল ফোন ও সিসিটিভির ডিভিআর লুট করে নেয় দুর্বৃত্তরা। অলুয়া, সানাইয়া, মানিকপুর, টিওরীসহ আশপাশের গ্রামের বাসিন্দাদের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় খামারিরা চরম নিরাপত্তাহীনতায় আছেন। তারা রাতের পুলিশি টহল জোরদার এবং চোর চক্রকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
অলুয়া গ্রামের বাসিন্দা আব্দুল হান্নান জানান, সোম বাজারের একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, বৃহস্পতিবার রাত ৩টা ৫ মিনিটে একটি নীল রঙের পিকআপ টিওরী এলাকায় ঢোকে এবং সাড়ে ৩টার দিকে এলাকা ত্যাগ করে। স্থানীয়দের ধারণা, ওই পিকআপেই চোরাই গরুগুলো নিয়ে যাওয়া হয়েছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন জানান, গরু চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন