দেওয়ানগঞ্জ পৌর শহরের ব্যাপারীপাড়া এলাকায় বন্যার্ত ও অসহায় ১৫০ পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার এসব পরিবারের হাতে শুকনো খাবারের প্যাকেট তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত। প্রশাসন ও পৌরসভার উদ্যোগে আয়োজিত এই কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, জনগণের কল্যাণে সরকার বিভিন্ন জনবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি নদীভাঙন রোধসহ এলাকার সার্বিক উন্নয়নে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য দেন ইউএনও ও পৌর প্রশাসক শাহ জহুরুল হোসেন, বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদা, পৌর সভাপতি মনজুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, সহসভাপতি মাহবুবুর রহমান, জাহাঙ্গীর আলম লাবলু, সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, পৌর সহসভাপতি সাদেক আক্তার নেওয়াজি টফি, যুবদলের আহ্বায়ক মন্জু হোসেন, মৎস্যজীবী দলের সদস্যসচিব ইব্রাহীম খলিল মন্ডল, ছাত্রদলের সদস্যসচিব রবিউল ইসলাম।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন