এনসিপি সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসউদকে হত্যার হুমকি দেওয়া যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে হাতিয়া উপজেলার চরইশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নন্দরোড় এলাকা থেকে ইসরাত রায়হান অমিকে গ্রেপ্তার করা হয়।
অমি চরইশ্বর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম আজাদের ছেলে। তার বিরুদ্ধে হাতিয়া থানায় তিনটি মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ইসরাত রায়হান অমি মেসেঞ্জারে এক এনসিপি কর্মীর কাছে উসকানিমূলক বার্তা পাঠান। ওই বার্তায় তিনি লেখেন, সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম আজাদকে গ্রেপ্তারের চেষ্টা করা হলে হান্নান মাসউদসহ এনসিপির নেতাদের হাতিয়ার উত্তরাঞ্চলে চলাচল ‘হারাম’ করে দেওয়া হবে। বার্তায় আরও লেখা হয়, ‘আমাদের নেতাকর্মীরা সরাসরি গিলে খেয়ে ফেলবে।’
এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ‘রুপক নন্দী’ নামের একটি ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে হান্নান মাসউদকে উদ্দেশ্য করে হুমকি দেওয়া হয়। ওই পোস্টে লেখা হয়, ‘হান্নান, আগুন নিয়ে খেলা করো না। পরে পস্তাতে হবে।’ পাশাপাশি সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম আজাদকে গ্রেপ্তার করা হলে হান্নান মাসউদকে হাতিয়ায় নিষিদ্ধ করার ঘোষণাও দেওয়া হয়। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে আটক করে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বা সরাসরি উসকানিমূলক বক্তব্য দিয়ে যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থির করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন