বগুড়ার ধুনটে বিএনপির কর্মিসভায় হামলার অভিযোগে দায়ের করা মামলায় আলী আকবর (৫০) নামের এক শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩১ ডিসেম্বর) সকালে তাকে থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আলী আকবর ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ও গোয়ালভাগ গ্রামের মৃত কোরবান আলীর ছেলে। এ ছাড়া আলী আকবর গত ১৪ নভেম্বর যুবদল নেতার দায়ের করা একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হন। কিছুদিন আগে তিনি জামিনে মুক্ত পেয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় পৌর শহরের পশ্চিম ভরনশাহী গ্রামে বিএনপির পার্টি অফিসে কর্মিসভা চলাকালীন আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। এ সময় হামলাকারীরা কর্মিসভায় ককটেল বিস্ফোরক ঘটিয়ে পার্টি অফিসে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর ও নেতাকর্মীদের পিটিয়ে আহত করে। এ ঘটনায় উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে গত ২৬ জানুয়ারি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭৮ জনের নাম উল্লেখসহ আরও ৫০/৬০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করে। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আলী আকবরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, মামলার এজাহারে আলী আকবরের নাম না থাকলেও তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন