ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই-বাছাই শেষে খুলনা-৩ আসনে তিন প্রার্থীর দাখিল করা মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে ৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
খুলনা আঞ্চলিক নির্বাচন অফিসের ফোকাল পারসন রাজু আহমেদ জানান, বুধবার (৩১ ডিসেম্বর) যাচাই-বাছাই শেষে মোট ১২ জন প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়ন বৈধ ও ৩ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন, আব্দুল রউফ মোল্লা, মো. আবুল হাসনাত সিদ্দিক এবং এস এম আরিফুর রহমান মিঠু।
অন্যদিকে বৈধ প্রার্থীরা হলেন: বিএনপির রকিবুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ মাহফুজুর রহমান, স্বতন্ত্র মো. মুরাদ খান লিটন, বাসদের জনার্দন দত্ত, খেলাফত মজলিসের এফ এম হারুন অর রশিদ, এনডিএম-এর শেখ আরমান হোসেন এবং জাতীয় পার্টির মো. আব্দুল্লাহ আল মামুন। মনোনয়ন বাতিলের বিষয়ে স্বতন্ত্র প্রার্থীরা আপিল করেছেন।
এস এম আরিফুর রহমান মিঠু বলেন, ‘ভোটার স্বাক্ষরের পাঁচ জনের তথ্যে ত্রুটি থাকায় প্রাথমিকভাবে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। এ বিষয়ে তিনি আপিল করেছেন এবং বৈধতা ফিরে পাওয়ার আশা করছেন।’
অপরদিকে খুলনা-১, ২, ৪, ৫ ও ৬ আসনের শুনানি বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে খুলনা জেলা প্রশাসক ও ওই আসনগুলোর রিটার্নিং অফিসার আ স ম জামশেদ খোন্দকারের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন