কক্সবাজারের চকরিয়ায় একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে চকরিয়া পৌরসভার পালাকাটা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের গণমাধ্যম মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম পালাকাটা কালাচাঁন পাড়ায় অভিযান চালানো হয়। এ সময় অস্ত্র ও গুলি সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখার অভিযোগে খুরশিদা বেগম (৩৬) নামের এক নারীকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুরশিদা বেগম স্বীকার করেন, তার মেয়ের জামাই বাপ্পীর বসতঘরে একটি অস্ত্র রাখা আছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পালাকাটা এলাকার ইমাম উদ্দিন পাড়ায় বাপ্পীর বসতঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার খুরশিদা বেগম পালাকাটা এলাকার মো. নুরুল হকের স্ত্রী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন