নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াকে জেলা হিসেবে প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
সোমবার (৮ জানুয়ারি) বিকেলে হাতিয়া উপজেলার একটি নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।
হাতিয়াকে জেলা করার রূপরেখা
আবদুল হান্নান মাসউদ বলেন, হাতিয়াকে তিনটি উপজেলা নিয়ে একটি পূর্ণাঙ্গ জেলা হিসেবে গড়ে তোলা হবে। পরিকল্পনার অংশ হিসেবে বুড়িরচরকে পৌরসভায় রূপান্তর, সোনাদিয়া ও জাহাজমারাকে উপজেলা ঘোষণা এবং চানন্দী ও হরনী ইউনিয়ন যুক্ত করে নতুন আরেকটি উপজেলা গঠনের উদ্যোগ নেওয়া হবে। এসব বাস্তবায়নের মাধ্যমে হাতিয়াকে একটি স্বতন্ত্র জেলায় উন্নীত করা হবে।
তিনি বলেন, সারা বিশ্বের মধ্যে এই দ্বীপকে ভ্যাটিকান সিটির মতো পরিকল্পিত, আধুনিক ও উন্নত এলাকায় রূপান্তর করার লক্ষ্য রয়েছে। আপনারা আমার সঙ্গে থাকুন। আপনাদের একটি ভোটেই হাতিয়ার ভবিষ্যৎ নির্ধারিত হবে।
নদীভাঙন রোধ সর্বোচ্চ অগ্রাধিকার
নদীভাঙন রোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ২১ দফা নির্বাচনি ইশতেহার উপস্থাপন করেন তিনি। একই সঙ্গে হাতিয়াকে একটি নিরাপদ, আধুনিক ও বাসযোগ্য দ্বীপে রূপান্তরের অঙ্গীকার করেন এনসিপির এই নেতা।
ইশতেহারের উল্লেখযোগ্য দফাগুলোর মধ্যে রয়েছে—
- নদীভাঙন রোধে কংক্রিট ব্লক বাঁধ, বেড়িবাঁধ ও ক্রসড্যাম নির্মাণ
- রাস্তাঘাট ও সেতু নির্মাণ
- খাসজমি ভূমিহীনদের বন্দোবস্ত
- স্বাস্থ্যখাতের উন্নয়ন ও সেবার সম্প্রসারণ
- সীমান্তবিরোধ নিরসন
- শিক্ষাব্যবস্থার উন্নয়ন
- প্রশাসনিক ব্যবস্থাপনা শক্তিশালীকরণ
- ফেরি ও ফেরিঘাট ব্যবস্থার উন্নয়ন
- ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ
- পর্যটন শিল্পের বিকাশ
- জেলেদের হয়রানি বন্ধ ও জীবনমান উন্নয়ন
- নদীবন্দর বাস্তবায়ন
- সামাজিক নিরাপত্তা জোরদার
- মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে কার্যকর উদ্যোগ
- স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ
- ওছখালী পৌরসভার উন্নয়ন
- ক্রীড়া খাতের উন্নয়ন
- স্থায়ী নৌ-ক্যাম্প স্থাপন
- হাইটেক পার্ক নির্মাণ
- শ্বেতপত্র প্রকাশ ও জনগণের মুখোমুখি জবাবদিহি
জনসভায় সভাপতিত্ব করেন হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার বোরহান। এতে আরও বক্তব্য দেন শাহবাগ থানার জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট শাহ মাহফুজ, উপজেলা এনসিপির আহ্বায়ক মাস্টার আলাউদ্দিন এবং ছাত্রশক্তির আহ্বায়ক নেয়ামতউল্লাহ নিরবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন