নির্বাচন-পরবর্তী পরিস্থিতিকে ঘিরে নোয়াখালীর হাতিয়ায় বিএনপি ও এনসিপির সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচন-সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। প্রকল্প বাজার এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার গাড়িবহরে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে কয়েকজন আহত হন।
খবর ছড়িয়ে পড়ার পর তার সমর্থক ও বিরোধী পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ সড়কে অবস্থান নিলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে এমপি হান্নান মাসউদ ঘটনাস্থলের সড়কে অবস্থান নিয়ে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
সংঘর্ষে হাতিয়া থানা পুলিশের পরিদর্শক শহীদুল্লাহ ও এসআই শহীদুল ইসলামসহ বিএনপি ও এনসিপির প্রায় ৫০ জন আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট পক্ষগুলো দাবি করেছে। আহতদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ সময় এমপি আবদুল হান্নান মাসউদ অভিযোগ করেন, ক্ষতিগ্রস্তদের দেখে ফেরার পথে স্থানীয় বেলাল নামের এক ব্যক্তির নেতৃত্বে তার গাড়িবহরের পেছন থেকে হামলা চালানো হয়। তিনি দ্রুত জড়িতদের গ্রেপ্তারের আহ্বান জানান।
অন্যদিকে চানন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমানের দাবি, প্রকল্প বাজারে হান্নান মাসউদ উস্কানিমূলক বক্তব্য দেন। তার বক্তব্যের পর তার দলের নেতাকর্মীরা বাজারে উঠে প্রথমে বিএনপির কার্যালয় ভাঙচুর করে এবং পরে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও মোটরসাইকেলে হামলা চালায়। এ সময় স্থানীয়রা প্রতিরোধের চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
হাতিয়া থানার ওসি সাইফুল আলম জানান, সংঘর্ষে পুলিশ পরিদর্শক শহীদুল্লাহ ও এসআই শহীদুল ইসলাম আহত হয়েছেন। তিনি ঘটনাস্থলে থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন বলে জানান।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন