চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে।
সোমবার (৩০ মার্চ) রাত আড়াইটার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকায় চায়না ইকোনমিক জোনসংলগ্ন ফকিরখিল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাসান নামের এক বাড়ির মালিকের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাসকারী জাবেদ (২৩) প্রায় ২ থেকে ৩ বছর ধরে ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। তিনি আক্তার হোসেনের ছেলে এবং তার বাড়ি বরুমছড়ায়। সোমবার (৩০ মার্চ) রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ২টা ৫০ মিনিটের মধ্যে ৮ থেকে ১০ জনের একটি মুখোশধারী সশস্ত্র ডাকাত দল বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।
ডাকাতরা ঘরের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করেন। আসবাবপত্র ভাঙচুর চালায়। এ সময় তাদের হাতে দেশিয় তৈরি শটগানসহ বিভিন্ন ধরনের অস্ত্র ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ডাকাত দলটি ঘর থেকে প্রায় দেড় ভরি স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী মো. জাবেদ বলেন, রাত আনুমানিক আড়াইটার দিকে দরজার ফাঁক দিয়ে ধোঁয়ার মতো কিছু দেখতে পাই। আগুন লেগেছে ভেবে দরজা খুলতেই কয়েকজন ডাকাত হঠাৎ আমাকে লাথি মেরে ঘরে ঢুকে পড়েন। তারা অস্ত্রের মুখে পুরো পরিবারকে জিম্মি করে মারধর করেন। ঘরের মালামাল লুট করে নিয়ে যায়। পরে বাইরে থেকে দরজায় রড লাগিয়ে তারা পালিয়ে যায়। স্থানীয় লোকজন এসে আমাদের উদ্ধার করে। ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গেছে। এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন