রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ি সড়কে ইটের খোয়া বোঝাই একটি চাঁদের গাড়ি (জিপ) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গেলে ৬ শ্রমিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৯ মে) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রাণহানির ঘটনা না ঘটলেও চাঁদের গাড়িটি উল্টে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজস্থলী থেকে ছেড়ে আসা ইটের খোয়া বোঝাই চাঁদের গাড়িটি উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের গামাড়ী বাগান এলাকার পাহাড়ের নিচে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এ ঘটনায় গাড়িতে থাকা চালকসহ ৬ জন আহত হন।
আহতরা হলেন: শৈহ্লাসাই মারমা (১৬), পিতা মংনি মারমা; বোসিওয়ং মারমা (১৭), পিতা হ্লাচিংমং মারমা; মংচসিং মারমা (১২), পিতা থুইচিং মারমা; কৃষ্ণ কুমার (১৪), পিতা বিরকখোয়া; সাকিব তঞ্চঙ্গ্যা, পিতা পুলসিং তঞ্চঙ্গ্যা; ও নুখ্যাইমং মারমা (১৫), পিতা হ্লাসিংমং মারমা। সবার বাড়ি গাইন্দ্যা শিশু সদন এলাকায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে পাঠান।
রাজস্থলী সদর হাসপাতালের আরএমও জানান, বেলা সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় ৬ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে রাজস্থলী থানার ওসি খালেদ হোসেন বলেন, ‘দুর্ঘটনার খবর শুনেছি, তবে কেউ অভিযোগ করেনি। চাঁদের গাড়িটি উদ্ধার করে থানায় আনা হবে। এরপর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন