নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতদের হামলায় নজরুল ইসলাম (৫০) নামে এক সুতা ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ মে) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম ওই গ্রামের গাজী মিয়ার ছেলে।
খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের স্ত্রী শাহানাজ বেগমের ভাষ্যমতে, ঘটনার রাতে ৪-৫ জনের একটি মুখোশধারী দল তাদের বাড়িতে এসে নজরুলের নাম ধরে ডাকাডাকি করে। দরজা খোলার সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা ঘরে ঢুকে নজরুল ও শাহানাজ দম্পতির হাত-পা বেঁধে ফেলে।
এরপর তারা দম্পতির ওপর শারীরিক নির্যাতন চালায়। দুর্বৃত্তরা আলমারির চাবি ছিনিয়ে নিয়ে নগদ ৬০ হাজার টাকা, প্রায় ৫ ভরি স্বর্ণালংকারসহ আনুমানিক ১২ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।
শাহানাজ বেগম আরও অভিযোগ করেন, হামলাকারীদের চিনে ফেলায় তারা নজরুল ইসলামকে শ্বাসরোধে হত্যা করে।
সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার জানান, আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। তবে প্রাথমিকভাবে একে সাধারণ ডাকাতি বলে মনে হচ্ছে না। কারণ ঘরে ডাকাতির সুস্পষ্ট কোনো আলামত পাওয়া যায়নি। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য উজ্জ্বল নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন