বগুড়ার নন্দীগ্রামে মাদকের কারবার ঠেকাতে নজরদারি বাড়িয়েছে পুলিশ। উপজেলাজুড়ে জনসচেতনতা বাড়াতে কৌশলগত পদক্ষেপ নিয়েছেন থানার ওসি তারিকুল ইসলাম। তথ্যদাতার পরিচয় গোপন রাখার নিশ্চয়তা ও পুলিশের কর্মকাণ্ডে ভরসা পেয়ে মাদক কারবারিদের তথ্য থানায় পৌঁছে দিচ্ছেন সাধারণ মানুষ।
একদিনের মাদকবিরোধী অভিযানে দুই শীর্ষ কারবারিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে দুজন হাফ ডজন মামলার আসামি। তাদের কাছ থেকে ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া ওয়ারেন্টভুক্ত আরও দুইজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
গতকাল এ তথ্য জানিয়েছেন নন্দীগ্রাম থানার ওসি মো. তারিকুল ইসলাম। তিনি জানান, বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় সোমবার দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন— উপজেলার চকরামপুর গ্রামের রইচ উদ্দিনের ছেলে ইউসুফ আলী (৩৪), হাফিজ উদ্দিনের ছেলে সুজন হোসেন (২৬), পৌর সদরের ফোকপাল মহল্লার কোরবান মণ্ডলের ছেলে রতন মণ্ডল (৪০) এবং শেরপুর উপজেলার উচালবাড়িয়া এলাকার শুকুর আলীর ছেলে এনামুল হক (২৫)।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ইউসুফ ও সুজনের বিরুদ্ধে ছয়টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি।
এদিকে, পৃথক অভিযানে দুটি মামলার ওয়ারেন্টভুক্ত আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। জিআর মামলায় পৌরসভার ফোকপাল মহল্লার বাসিন্দা ওয়াজেদ হোসেন অজিদ এবং সিআর মামলায় কল্যাণনগর এলাকার বাসিন্দা শিপন আলীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন