বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে জুতাপেটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে দল থেকে অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। ওই নেতার বিরুদ্ধে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) নারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে।
অব্যাহতি পাওয়া ওই নেতার নাম আলী আজম সাব্বির। তিনি এনসিপি শিবগঞ্জ উপজেলা সমন্বয় টিমের সমন্বয়কারী সদস্য ছিলেন। গত শুক্রবার রাতে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান স্বাক্ষরিত এক চিঠিতে তাকে দলের সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক নারী নেতা আলী আজম সাব্বিরকে জুতাপেটা করছেন।
অনুসন্ধানে জানা যায়, আলী আজম সাব্বির বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের একজন প্রশিক্ষণার্থী ছিলেন। সেখানে প্রশিক্ষণ নিতে আসা একাধিক নারীকে তিনি মোবাইল ফোনে অপ্রীতিকর কথা বলতেন এবং কুরুচিপূর্ণ বার্তা পাঠাতেন বলে অভিযোগ রয়েছে। তার এমন আচরণে অতিষ্ঠ হয়ে গত ২৪ মে দুপুরে কয়েকজন নারী প্রশিক্ষণার্থী তাঁকে টিটিসির একটি কক্ষে আটকে জুতাপেটা করেন। এ সময় তিনি নিজের দোষ স্বীকার করে ক্ষমা চান।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ড্রাইভিং প্রশিক্ষক রাশেদুল হাসান বলেন, আলী আজম সাব্বির একাধিক নারী প্রশিক্ষণার্থীর সঙ্গে অশালীন আচরণ করেছেন। এ কারণে একজন নারী প্রশিক্ষণার্থী তাঁকে জুতাপেটা করেন। পরে তিনি লিখিতভাবে অঙ্গীকারনামা দিয়েছেন। অফিস খোলার পর একাডেমি কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান বলেন, ‘অভিযোগ আমাদের নজরে আসার পরপরই আলী আজম সাব্বিরকে সংগঠনের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর অবস্থান ব্যাখ্যা করার জন্য তিন দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’
ঘটনাটি ঘিরে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন